Advertisement
E-Paper

প্রচারে মমতা-অভিষেক, কর্মসূচি রাজনাথ-খড়্গে-নিতিনেরও। আবহাওয়া। আইপিএল। পশ্চিম এশিয়া। আর কী কী

মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর কর্মসূচি। রাজনাথ সিংহ, নিতিন নবীন, মল্লিকার্জুন খড়্গেও করবেন সভা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ০৭:৫৯

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

সোমবার পশ্চিমবঙ্গ জুড়ে তুঙ্গে উঠতে চলেছে নির্বাচনী প্রচার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার বেলেঘাটা ও ভবানীপুরে মিছিল করবেন এবং পানিহাটিতে জনসভায় ভাষণ দেবেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলরামপুর, রানিবাঁধ ও চন্দ্রকোণায় টানা তিনটি সভা করবেন। অন্য দিকে, কোচবিহারে সভা করবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। বিজেপির তরফে সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন মহিষাদল, এগরা ও কেশিয়াড়িতে জনসভা করবেন। পাশাপাশি কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ নানুর ও সাঁইথিয়ায় সভা করবেন। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে চারটি সভা ও চারটি রোড শো করবেন শুভেন্দু অধিকারী।

পাকিস্তানের ইসলামাবাদে দ্বিতীয় পর্যায়ের শান্তিবৈঠকে বসতে চলেছে আমেরিকা এবং ইরান। ট্রাম্প জানিয়েছেন, ইরানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসার জন্য সোমবার সন্ধ্যাতেই পাকিস্তানে পৌঁছে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল। সংঘাত থামাতে ইরানকে ‘খুবই স্বচ্ছ এবং যৌক্তিক বোঝাপড়ার’ প্রস্তাব দিয়েছে আমেরিকা। এই প্রস্তাবে সম্মত না-হলে ফের ইরানের বিদ্যুৎকেন্দ্র, সেতুতে হামলা করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই পরিস্থিতিতে ইরান পাল্টা কোনও হুঁশিয়ারি দেয় কি না, সে দিকে আজ নজর থাকবে।

Advertisement

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই এখনই। গরম এবং অস্বস্তিকর অবস্থা বজায় থাকবে আপাতত এক সপ্তাহ। এমনই জানাল আলিপুর আবহাওয়া দফতর। তবে এ-ও জানিয়েছে, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে গরমের প্রভাব থাকলেও, উত্তরবঙ্গে সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি নিয়ে ফের মুখোমুখি বসছে ভারত এবং আমেরিকা। সোমবার থেকে ওয়াশিংটনে শুরু হবে তিন দিনের বাণিজ্য আলোচনা। বৈঠকের জন্য ভারত থেকে প্রায় ১২ জন আধিকারিক আমেরিকায় যাচ্ছেন। ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে থাকছেন বাণিজ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব দর্পণ জৈন। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

আইপিএলে আজ একটিই খেলা। গুজরাত টাইটান্সের লড়াই মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে। শুভমন গিলের গুজরাতের এটি ষষ্ঠ ম্যাচ। প্রথম দু’টি ম্যাচে হারার পর জয়ের হ্যাটট্রিক করেছে গুজরাত। পাঁচ ম্যাচে তাদের ৬ পয়েন্ট। অন্য দিকে, হার্দিক পাণ্ড্যের মুম্বই প্রথম ম্যাচটি জেতার পর চারটি ম্যাচ হেরে গিয়েছে। আজ অহমদাবাদে কী হবে? খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

News of the Day Mamata Banerjee Abhishek Banerjee Suvendu Adhikari Mallikarjun Kharge Nitin Nabin Rajnath Singh US Iran Weather India US Trade IPL 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy