দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আজ পশ্চিমবঙ্গ দিবস। ১৯৪৭ সালের ২০ জুন তৎকালীন প্রাদেশিক আইনসভায় পাশ হয়েছিল বঙ্গ বিভাজন করে পশ্চিমবঙ্গ গঠন এবং তার ভারতভুক্তির প্রস্তাব। সেই ঐতিহাসিক তারিখকে উদ্যাপন করতে এ বার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুগলি জেলার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে সভা করবেন তিনি। সেই সভা থেকে একগুচ্ছ প্রশাসনিক ঘোষণা হতে চলেছে। প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি প্রকল্পে কৃষকদের আর্থিক সাহায্য দেওয়া, কেন্দ্রীয় শস্য বিমা প্রকল্প পশ্চিমবঙ্গে কার্যকর করা-সহ একগুচ্ছ পদক্ষেপ করা হবে কৃষক কল্যাণে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য-সহ সরকার ও শাসক দলের শীর্ষ নেতৃত্ব প্রধানমন্ত্রীর কর্মসূচিতে উপস্থিত থাকবেন।
আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ খেলছে ভারত। ধরমশালায় বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে শুভমন গিল-রোহিত শর্মারা ৭ উইকেটে হারিয়েছেন আফগানিস্তানকে। লখনউয়ে দ্বিতীয় ম্যাচে ভারত জিতেছে ১৭০ রানের বিশাল ব্যবধানে। আজ তৃতীয় ম্যাচ দুপুর ১:৩০ থেকে। হোয়াইট ওয়াশের লক্ষ্যে ভারত। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
বিশ্বকাপে আজ রাতে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে জার্মানি। সাত গোল গিয়ে অভিযান শুরু করা জার্মানির সামনে এ বার আইভরি কোস্ট। খেলা রাত ১:৩০ থেকে। তার আগে রাত ১০:৩০ থেকে নেদারল্যান্ডস বনাম সুইডেন ম্যাচ। আজ সকাল ৮:৩০ থেকে তুরস্ক বনাম প্যারাগুয়ে ম্যাচ। কাল ভোর ৫:৩০ থেকে ইকুয়েডর বনাম কুরাসাও খেলা। সব খেলা দেখা যাবে ইউনাইট৮ স্পোর্টস চ্যানেল ও জি৫ অ্যাপে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন ভারী বৃষ্টি সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। বেশ কয়েকটি জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। সঙ্গে চলবে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও। অন্য দিকে, উত্তরবঙ্গের পরিস্থিতিও ক্রমশ ঘোরালো হয়ে উঠছে। আগামী শুক্রবার পর্যন্ত বেশির ভাগ জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তিন-চারটি জেলায় আগামী চার দিন অতিভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। ভারী বর্ষণের জেরে উত্তরবঙ্গের নদীগুলিতে জল বেড়েছে। বালাসন নদীর জলের তোড়ে ভেসে গিয়েছে কার্শিয়াং জেলার দুধিয়ার বিকল্প সেতুটিও। অন্য দিকে, ভারী বর্ষণ এবং মহানন্দা নদীতে জলস্তর বাড়ার কারণে ১১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গা ধসে গিয়েছে।