Advertisement
E-Paper

শেষ দিনের প্রচার, কর্মসূচি মোদী- মমতা-শাহ-অভিষেকের। আবহাওয়া। আইপিএল। পশ্চিম এশিয়া। আর কী কী

সোমবার দ্বিতীয় দফার ভোটের প্রচারের শেষ দিন। আজ দিনভর বিভিন্ন কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়, অমিত শাহ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে একটি সভা রয়েছে মোদীর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ০৭:৫৮

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

সোমবার দ্বিতীয় দফার ভোটের প্রচারের শেষ দিন। আজ দিনভর বিভিন্ন কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়, অমিত শাহ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে একটি সভা রয়েছে মোদীর। মমতারও ভবানীপুরে প্রচার কর্মসূচি রয়েছে আজ। সোমবার বেহালা থানা থেকে ম্যান্টন পর্যন্ত রোড শো করবেন শাহ। পরে হুগলির চন্দননগরেও একটি রোড শো রয়েছে তাঁর। অভিষেকেরও আজ প্রচার কর্মসূচি রয়েছে রানাঘাট, হুগলি, আরামবাগ এবং মহেশতলায়। ভবানীপুরের ৭১ নম্বর ওয়ার্ডের শীতলা মন্দিরে পুজো দেওয়ার পরে বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ করবেন শুভেন্দু। পরে হাজরা মোড় থেকে এক্সাইড মোড় পর্যন্ত একটি মিছিলও করবেন তিনি। শেষ দিনের এই প্রচার কর্মসূচিগুলির দিকে নজর থাকবে আজ।

শনিবার রাতে ওয়াশিংটনের এক হোটেলে নৈশভোজের আয়োজন করেছিল হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স-সহ মার্কিন প্রশাসনের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকেরা সেই নৈশভোজে উপস্থিত ছিলেন। সেখানেই হামলা করে কোল টমাল অ্যালেন নামে এক বন্দুকবাজ। ধৃত ওই বন্দুকবাজকে সোমবার আমেরিকার ফেডারেল কোর্টে পেশ করা হবে। এই সংক্রান্ত তদন্ত কোন পথে এগোয়, সে দিকে আজ নজর থাকবে।

Advertisement

ঘূর্ণাবর্তের জের। রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বিশেষ হেরফের হচ্ছে না। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। আজ আবহাওয়া পরিস্থিতির দিকে নজর থাকবে।

শনিবার ইসলামাবাদ থেকে ঘুরে গিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। বৈঠক করে গিয়েছেন পাকিস্তানের সেনা সর্বাধিনায়ক আসিম মুনিরের সঙ্গে। দু’দিনের মধ্যে, সোমবার ফের পাকিস্তানে যাচ্ছেন আরাঘচি। এ বার পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের সঙ্গে বৈঠক হতে পারে তাঁর। আমেরিকা-ইরান দ্বিতীয় পর্বের শান্তি আলোচনা ঘিরে অনিশ্চয়তা এখনও রয়ে গিয়েছে। হরমুজ়ের অস্থিরতা না-কাটা পর্যন্ত আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে রাজি নয় ইরান। অন্য দিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়ে দিয়েছেন, তিনি কোনও প্রতিনিধিদলকে পাঠাচ্ছেন না পাকিস্তানে। এ অবস্থায় পাক প্রধানমন্ত্রীর সঙ্গে আরাঘচির বৈঠকে কোনও সমঝোতার পথ খোলে কি না, সে দিকে নজর থাকবে আজ।

আইপিএলে আজ একটিই ম্যাচ। দিল্লি ক্যাপিটালস খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে। পর পর দু’টি ম্যাচ হেরে বিরাট কোহলিদের মোকাবিলা করতে নামছে দিল্লি। কঠিন লড়াই অক্ষর পটেলদের সামনে। আগের ম্যাচে কেএল রাহুলের ৬৭ বলে অপরাজিত ১৫২ রানের ঝড়ও বাঁচাতে পারেনি দিল্লিকে। ২৬৪ রান তুলেও হারতে হয়েছে পঞ্জাব কিংসের কাছে। অন্য দিকে, বেঙ্গালুরু আগের ম্যাচে জয়ে ফিরেছে। আজ কি দলকে জেতাতে পারবেন ফর্মে থাকা কোহলি? খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

News of the Day Mamata Banerjee Abhishek Banerjee IPL Weather US-Israel vs Iran Donald Trump
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy