দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আজ প্রচারসভা নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে আজ রাজ্যের তিন প্রান্তে সভা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মন্ত্রী বিরবাহা হাঁসদার হয়ে বিনপুরে প্রচার করবেন তিনি। এর পর যাবেন পূর্ব মেদিনীপুর জেলার পশ্চিম পাঁশকুড়ায়। সেখানেও তৃণমূল প্রার্থীর হয়ে জনসভার কর্মসূচি রয়েছে তাঁর। বিকেলে দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে সভা করে আজকের প্রচার কর্মসূচি শেষ করবেন তিনি। শুক্রবার পূর্ব মেদিনীপুরে প্রচারে নামছেন শুভেন্দু অধিকারীও।
পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির মাঝেই আলোচনার পথ খোলার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। আমেরিকা এবং ইরানের সরাসরি আলোচনা হয়নি এখনও। তবে দুই দেশের মধ্যে বার্তাবাহকের কাজ করছে পাকিস্তান। ইসলামাবাদের দৌত্যে দৃশ্যত সায় রয়েছে আমেরিকারও। পাকিস্তান মারফতই তারা ইরানের কাছে ১৫ দফা প্রস্তাব পাঠিয়েছে। ইরান জানিয়েছে তারা প্রস্তাব পর্যালোচনা করে দেখছে, তবে মুখোমুখি বৈঠকে খুব একটা মত নেই তাদের। এরই মধ্যে বৃহস্পতিবার ইজ়রায়েল দাবি করেছে, সংঘর্ষে নিহত হয়েছেন ইরানি নৌবাহিনীর প্রধান। এই পরিস্থিতিতে আলোচনার পথ কি প্রশস্ত হবে, না কি আরও বাড়বে সংঘাত? সে দিকে নজর থাকবে আজ।
রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনি এবং রবি দু’দিনেই দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেই ঝড় এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার চার জেলায় ঝড়ের পূর্বাভাস রয়েছে। আজ সাত জেলায় ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।