Advertisement
E-Paper

‘পশ্চিমবঙ্গের ভাই-বোনেদের কল্যাণই সব কিছুর আগে’! আয়ুষ্মান ভারত পরিষেবার সঙ্গে এ রাজ্য জুড়ে যাওয়ায় বার্তা মোদীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে, কেন্দ্রের সমস্ত প্রকল্পের সুবিধা যাতে পশ্চিমবঙ্গের মানুষ পান, ডবল ইঞ্জিনের সরকার তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০২৬ ১০:২৫
গত শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

গত শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে জুড়ে গিয়েছে পশ্চিমবঙ্গ। সোমবারই রাজ্যের মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, এই পরিষেবা কার্যকর করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই স্বাস্থ্য পরিষেবার সঙ্গে বাংলার মানুষ জুড়ে যাওয়ায় মঙ্গলবার নিজের উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডলে বার্তা দিয়েছেন।

প্রধানমন্ত্রী লেখেন, ‘‘পশ্চিমবঙ্গের ভাই-বোনেদের কল্যাণই আমার কাছে সবার আগে। আমি অত্যন্ত খুশি যে, রাজ্যবাসী বিশ্বের সবচেয়ে বড় এবং উচ্চ গুণমানসম্পন্ন এই স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত হচ্ছেন।’’ তিনি আরও জানিয়েছেন যে, কেন্দ্রের সমস্ত প্রকল্পের সুবিধা যাতে পশ্চিমবঙ্গের মানুষ পান, তা ডবল ইঞ্জিনের সরকার সুনিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রসঙ্গত, তৃণমূল সরকারের জমানায় প্রধানমন্ত্রী যখনই এসেছেন, আয়ুষ্মান ভারত-সহ কেন্দ্রের বেশ কিছু প্রকল্পের সুবিধা থেকে রাজ্যবাসীকে বঞ্চিত করা হচ্ছে বলে তৎকালীন রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। এমনকি বিজেপির শীর্ষ নেতৃত্বের কণ্ঠেও একই অভিযোগ শোনা গিয়েছে।

তাই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরই সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে এ রাজ্যকে জোড়ার কাজ শুরু করা হয়েছে। তার প্রথম ধাপের ঘোষণা সোমবারই করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্ত্রিসভার বৈঠকের পর তিনি সাংবাদিক বৈঠক করে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা ঘোষণা করেন। সেখানেই তিনি ঘোষণা করেন সোমবার থেকে আয়ুষ্মান ভারত-এর সঙ্গে জুড়ে গেল এ রাজ্য। প্রসঙ্গত, কেন্দ্র এই স্বাস্থ্য পরিষেবা গোটা দেশে চালু করেছে। অভিযোগ ওঠে, সেই পরিষেবাকে এ রাজ্যে কার্যকর হতে দেয়নি তৃণমূল সরকার। উল্টে তারা ‘স্বাস্থ্যসাথী’ নামে একটি আলাদা প্রকল্প চালু করে।

নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী মোদী-সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব ঘোষণা করেছিলেন, দল যদি ক্ষমতায় আসে, তা হলে পশ্চিমবঙ্গকে কেন্দ্রের সমস্ত রকম প্রকল্পের সঙ্গে জুড়ে দেওয়া হবে। ঘটনাচক্রে, মুখ্যমন্ত্রী হিসাবে গত শনিবার শপথ নেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই কেন্দ্রের অন্যতম প্রকল্প আয়ুষ্মান ভারত কার্যকর করা হল এ রাজ্যে। ২০১৮ সালের সেপ্টেম্বরে বিনামূল্যের একটি স্বাস্থ্য প্রকল্প চালু করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এর পোশাকি নাম ‘আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’। এই পরিষেবার আওতায় থাকা তালিকাভুক্ত হাসপাতালগুলিতে দ্বিতীয় ও তৃতীয় স্তরের চিকিৎসা পরিষেবা একরকম নিখরচায় পেয়ে থাকেন গ্রাহক। দ্বিতীয়ত, প্রবীণদের জন্য এটি চালু করেছে কেন্দ্র।

Health
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy