দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
ইডির বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলায় ইডি তাঁকে গ্রেফতার করেছিল। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে গিয়েছেন সুজিত। আজ কলকাতা হাই কোর্টে ওই মামলার শুনানি রয়েছে। বেলা ১২টা নাগাদ বিচারপতি শম্পা দত্ত পালের বেঞ্চে শুনানি রয়েছে। সেখানে কী হয় সে দিকে নজর থাকবে আজ।
পশ্চিমবঙ্গে থমকে থাকা জনগণনা প্রক্রিয়াকে এ বার দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে সক্রিয় হচ্ছে নতুন সরকার। মুখ্যমন্ত্রী পদে বসার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই জনগণনার কাজ শুরুর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে এ বার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছেন তিনি। নবান্ন সূত্রে খবর, আজ নবান্ন সভাঘরে ওই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। আমেরিকা এবং ইরান ফের সংঘাতে জড়িয়েছে। হরমুজ় প্রণালীর কাছে ইরানের একটি সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে আমেরিকা। পাল্টা হামলা চালানোর কথা জানিয়েছে ইরানও। সে দেশের রেভলিউশনারি গার্ড বা জানিয়েছে, তারা বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে আমেরিকার একটি বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ অবস্থায় দুই দেশের মধ্যে সমঝোতা হয়, না কি উত্তেজনা আরও বৃদ্ধি পায়, সে দিকে নজর থাকবে আজ।
বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা এবং শহরতলিতে বিক্ষিপ্ত ভাবে মুষলধারে বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে বজ্রপাত এবং ঝড়ের তাণ্ডবও দেখা গিয়েছে কোথাও কোথাও। হাওয়া অফিস জানিয়েছে, আরও কিছু দিন ঝড়বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।
আইপিএলের ফাইনালে রয়্যাস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে কাদের মুখোমুখি হতে হবে, জানা যাবে আজ। দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্যালস। যারা জিতবে, তারা রবিবারের ফাইনালে খেলবে বিরাট কোহলিদের সঙ্গে। কোহলিরা প্রথম কোয়ালিফায়ারে গুজরাতকে ৯২ রানে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছেন। বৈভব সূর্যবংশীর ঝড়ে রাজস্থান এলিমিনেটরে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। আজও কি দেখা যাবে বৈভবের মারকাটারি ব্যাটিং? খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।