দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
ভোটে বিপর্যয়ের পর আজ প্রথম কালীঘাটের চৌহদ্দি ছেড়ে বেরোবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোনারপুর দক্ষিণ এবং কলকাতার বেলেঘাটা এলাকায় ‘আক্রান্ত’ দুই কর্মীর বাড়িতে যাবেন তিনি। রাজ্যে পালাবদলের পরে অভিষেকের নিরাপত্তায় কাটছাঁট হয়েছে। পাশাপাশি, হারের পরে তৃণমূলের অন্দরে রোজই প্রায় কেউ না কেউ ‘বেসুরো’ কথা বলছেন। পরিষদীয়দলেও ‘সুপবন’ বইছে না। এই পরিস্থিতিতে আজ অভিষেকের সফরের খবরে নজর থাকবে।
রাজ্যের বিদ্যুৎ ও নগরোন্নয়ন সংক্রান্ত পর্যালোচনা বৈঠককে কেন্দ্র করে আজ কলকাতার রাজারহাটের এক হোটেলে যৌথ সাংবাদিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় বিদ্যুৎ ও আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল। আজ দুপুরের ওই বৈঠকে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, বিদ্যুৎ পরিকাঠামো এবং নগরোন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, সাংবাদিক বৈঠকটি শুরু হবে দুপুর দেড়টা থেকে।
অক্ষরেখা আর ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। সে কারণে দু’দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর উপযুক্ত পরিস্থিতি রয়েছে। তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি অনেকটাই কমে যাবে। তার পরে দু’-একটি জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে অস্বস্তিকর গরম এখন অনেকটাই কম থাকবে। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে।
পাঁচ দিনের সফরে আজ ভারতে আসছেন মায়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। আগামী ৩ জুন পর্যন্ত এ দেশে থাকবেন তিনি। মায়ানমারের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম বিদেশ সফর। সামরিক জুন্টার অবসরপ্রাপ্ত প্রধান জেনারেল মিনের নেতৃত্বাধীন মায়ানমারের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের দিক থেকে এই সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।