দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে গিয়ে শনিবার আক্রান্ত হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বার করে তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারের এক হাসপাতালে। পরে মিন্টো পার্কের কাছের একটি হাসপাতালেও তাঁকে নিয়ে যাওয়া হয় চিকিৎসার প্রয়োজনে। আজ তাঁর শারীরিক পরিস্থিতি কেমন থাকে সে দিকে নজর থাকবে ।
গত বার ট্রফি জেতার পর এ বারও আইপিএলের ফাইনালে উঠেছে বিরাট কোহলির বেঙ্গালুরু। এ বারও তাদের ট্রফির দাবিদার হিসাবেই দেখা হচ্ছে। আজ অহমদাবাদে ফাইনাল খেলতে নামবে গুজরাতের বিরুদ্ধে। শুভমন গিলের সামনে অধিনায়ক হিসাবে প্রথম বার ট্রফি জয়ের সুযোগ। শেষ হাসি হাসবেন কে? সন্ধ্যা ৭.৩০টা থেকে শুরু ম্যাচ। দেখা যাবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেল এবং জিয়োহটস্টার অ্যাপে।
শনিবার সোনারপুরে গিয়ে বিক্ষোভের সম্মুখীন হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। আর আজ দলের বিধায়কদের নিয়ে বৈঠকে বসছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিষদীয় দলের নেতা শোভনদেব চট্টোপাধ্যায় এই বৈঠক ডাকলেও সেখানে মমতার ‘নির্দেশ পেতে’ই কালীঘাটের বৈঠকে যোগ দেবেন তৃণমূল বিধায়কেরা। এখনও চিঠি বিভ্রাটের জেরে বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পায়নি তৃণমূল। আর সেই আবহেই আগামী মঙ্গলবার মমতা ধর্মতলার রানি রাসমণি অ্যাভিনিউতে ধর্নায় বসবেন বলে ঠিক রয়েছে। সেই পরিস্থিতি এই বৈঠকের গুরুত্ব অনেকটাই।
দক্ষিণবঙ্গের কয়েক জেলায় আজও রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস। হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ের জন্য সতর্কতা জারি করা হয়েছে। তবে কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা কম। আজকের পর থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি কমতে পারে। তবে কয়েক জেলার কিছু অংশে বিক্ষিপ্ত ভাবে চলবে হালকা বৃষ্টি। উত্তরবঙ্গে পরের সপ্তাহে আবার বাড়বে বৃষ্টি।
প্রতি মাসের শেষ রবিবার দেশবাসীর সঙ্গে মন কি বাত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মে মাসের শেষ রবিবার ফের দেশবাসীর উদ্দেশে বার্তা দেবেন তিনি। দেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে দেশে মূল্যবৃদ্ধির আশঙ্কা রয়েছে। সেই বিষয়ে মোদী কথা বলতে পারেন দেশবাসীর উদ্দেশে।