Advertisement
E-Paper

কালীঘাটের পথে গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের হ্যারিকেন মিছিল আটকাতে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য

চাকরির দাবিতে বুধবার সন্ধ্যায় শহিদ মিনার চত্বর থেকে হরিশ মুখার্জি রোড হয়ে কালীঘাট পর্যন্ত হ্যারিকেন মিছিল করতে চেয়ে আবেদন করেছিলেন গ্ৰুপ ডি চাকরিপ্রার্থীরা। তাতে অনুমতি দিয়েছিল হাই কোর্ট।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মে ২০২৩ ১৩:০৭
Representational Image of Group D job seekers\\\' procession

বুধবারের মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছিল আদালত। —ফাইল ছবি।

শহিদ মিনার থেকে কালীঘাট পর্যন্ত গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের হ্যারিকেন মিছিল রুখতে এ বার কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য সরকার।

বুধবারের ওই মিছিলের অনুমতি দিয়েছিলেন হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। তবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মঙ্গলবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছে রাজ্য। এ নিয়ে মামলা রুজুর অনুমতি দিয়েছে আদালত।

আদালত সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে ওই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

চাকরির দাবিতে ১৭ মে, বুধবার সন্ধ্যায় শহিদ মিনার চত্বর থেকে হরিশ মুখার্জি রোড হয়ে কালীঘাট পর্যন্ত হ্যারিকেন মিছিল করতে চেয়ে আবেদন করেছিলেন গ্ৰুপ ডি চাকরিপ্রার্থীরা। তবে সে মিছিলে অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। চাকরিপ্রার্থীরা জানিয়েছিলেন, পুলিশ কিছু বিষয়ে আপত্তি জানিয়ে সেই মিছিলের অনুমতি দেয়নি। এ নিয়ে গত সপ্তাহে আদালতের দ্বারস্থ হলে বিচারপতি মান্থা শর্তসাপেক্ষে ওই মিছিলের অনুমতি দেন। তাঁর মন্তব্য ছিল, “হরিশ মুখার্জি রোড একমুখী হওয়ায় কালীঘাট পর্যন্ত মিছিল করতে ওই রাস্তা সুবিধার হবে। তবে মিছিলকারীদের ওই রাস্তার ৮০ শতাংশ ছেড়ে মিছিল নিয়ে যেতে হবে। এবং দু’টি লাইনে মিছিল যাবে।” মিছিল থেকে কোনও উস্কানিমূলক মন্তব্য করা যাবে না বলেও হাই কোর্টের নির্দেশ ছিল। এর পর চাকরিপ্রার্থীদের আইনজীবী কৌস্তুভ বাগচী জানিয়েছিলেন, শহিদ মিনার থেকে হ্যারিকেন নিয়ে কালীঘাট পর্যন্ত মিছিল করবেন প্রায় ৬০০ চাকরিপ্রার্থী। তবে বুধবার সে মিছিল আদৌ হবে কি না, তা নির্ভর করছে ডিভিশন বেঞ্চের রায়ের উপর।

Group D Procession with Hurricane Harish Mukherjee Road
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy