Advertisement
E-Paper

অন্নপূর্ণা যোজনা: কেন বাতিল হল আবেদন, বাড়ি বাড়ি গিয়ে খতিয়ে দেখবেন সরকারি কর্মীরা, আশ্বাস দিলেন মন্ত্রী মালতি রাভা

অন্নপূর্ণার টাকা না-পাওয়া নিয়ে যে ক্ষোভ-বিক্ষোভ চলছে, তা নিয়ে মন্ত্রী মালতি রাভা রায় জানিয়েছেন, কী কারণে আবেদন করার পরেও তা বাতিল হয়ে গেল বা অযোগ্য বলে বিবেচিত হল, সে নিয়ে বাড়ি বাড়ি ‘সার্ভে’ চালাবে তাঁদের সরকার।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ১৮:৩২

—প্রতিনিধিত্বমূলক ছবি।

কেউ পেয়েছেন, কেউ পাননি। অর্থ ব্যয় করে ফর্ম পূরণ করে জমা দেওয়ার পরেও অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকার দেখা নেই! এ নিয়ে জেলায় জেলায় ক্ষোভে ফেটে পড়তে দেখা যাচ্ছে মহিলাদের। কোচবিহার জেলার মেখলিগঞ্জ পুরভবনে গিয়ে পুরপ্রধানকে ডিম পর্যন্ত ছুড়ে রোষ মিটিয়েছেন মহিলা নাগরিকেরা। সেই কোচবিহারেরই মেখলিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মালতি রাভা রায় জানালেন, যে মহিলাদের অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল হয়েছে, তাঁদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা হবে। কী কারণে তাঁরা অন্নপূর্ণার ৩ হাজার টাকা পাননি, তা দেখা হবে। প্রকৃত উপভোক্তাদের কাউকে বঞ্চিত হতে দেবেন না তাঁরা।

বিধানসভা নির্বাচনে প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতায় এসে তৃণমূল সরকারের লক্ষ্মীর ভান্ডারের বদলে অন্নপূর্ণা যোজনা চালু করেছে বিজেপি। গত ১ জুলাই এক কোটির বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩০০০ হাজার টাকা করে ট্রান্সফার করেছে শুভেন্দু অধিকারীর সরকার। সে দিনই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই প্রকল্প নিয়ে রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতি জানিয়েছিলেন, স্থায়ী বা নিয়মিত সরকারি চাকরিজীবী মহিলারা এই প্রকল্পের আওতায় টাকা পাবেন না। তা ছাড়াও কারা টাকা পাবেন, কারা পাবেন না, তা নিয়ে মন্ত্রী জানিয়েছিলেন, যাঁদের সমস্ত নথিপত্র সঠিক রয়েছে এবং আবেদন যাচাইয়ে কোনও অসঙ্গতি ধরা পড়েনি, তাঁদের চিন্তার কোনও কারণ নেই। যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা নিয়মিত পৌঁছে যাবে। তিনি বলেছিলেন, ‘‘এই প্রকল্পের উদ্দেশ্য হল মহিলাদের নীরব পরিশ্রমকে সম্মান জানানো।’’

কিন্তু তার পর বহু মহিলা অভিযোগ করছেন, তাঁরা সংশ্লিষ্ট প্রকল্পের উপভোক্তা হিসেবে যোগ্য, ১২-১৩ পাতার ফর্ম পূরণ করেছেন। কেউ অনলাইন তথ্য জমা দিয়েছেন। কিন্তু অজানা কারণে তাঁদের আবেদন খারিজ হয়েছে। গত ৩ জুন ২৮ লক্ষ ২৫ হাজার ৭৬৯ জন অন্নপূর্ণার টাকা পেয়েছিলেন। দ্বিতীয় কিস্তিতে গত ১ জুলাই প্রায় এক কোটি ৩০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তথ্য ঝাড়াইবাছাই করে ২৬ লক্ষ আবেদন অযোগ্য বলে গণ্য করেছে সরকার।

কোচবিহারে মন্ত্রী মালতি রাভা রায়।— নিজস্ব চিত্র।

কোচবিহারে মন্ত্রী মালতি রাভা রায়।— নিজস্ব চিত্র।

বর্তমানে অন্নপূর্ণার অর্থ না-পাওয়া নিয়ে যে ক্ষোভ-বিক্ষোভ চলছে, রবিবার সে নিয়ে মন্ত্রী মালতি জানিয়েছেন, কী কারণে আবেদন করার পরেও বাতিল হয়ে গেল বা অযোগ্য বলে ঘোষণা হল, তা নিয়ে খোঁজখবর হবে। তিনি বলেন, ‘‘এত বড় একটা কাজ। আমরা অনেক অল্প সময়ে এত মানুষকে পরিষেবা দিয়েছি। তার পরেও এসিডিও, বিডিও, জিপি-তে এগুলো তদন্ত করতে বলেছি, কী কারণে আবেদন ‘রিজেক্ট’ (বাতিল) হল, কেন ‘রিজেক্ট’ হল সেটা দেখা হবে। এ নিয়ে মুখ্যসচিবের সঙ্গে আমাদের একটি বৈঠক হয়েছে।’’ আর বিক্ষোভ প্রসঙ্গে মন্ত্রীর মন্তব্য, ‘‘কারা কারা খুব বিক্ষোভ দেখাচ্ছেন, সেটাও দেখতে হবে। কিন্তু যাঁরা প্রকৃত যোগ্য, তাঁরাই এই প্রকল্পের আওতায় আসবেন।’’

উল্লেখ্য, শনিবার বাঁকুড়ার শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি অভিযোগ করেছেন তাঁর বিধানসভা এলাকায় বেছে বেছে তৃণমূল পরিবারের মহিলা সদস্যদের অন্নপূর্ণার টাকা পাইয়ে দেওয়া হচ্ছে। আর তার নেপথ্যে নাকি রয়েছেন বিডিও অফিসের ডেটা এন্ট্রি অপারেটরেরা। এ নিয়ে মন্ত্রী দিলীপ ঘোষের কাছে তিনি দরবার করবেন বলে জানিয়েছেন।

Annapurna Yojana Malati Rava Roy BJP Government Suvendu Adhikari

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy