Advertisement
E-Paper

তারাতলায় উদ্ধারকাজে বিশেষ অবদান, রেলের ৯০ আধিকারিক এবং কর্মীকে সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

গত ২৪ জুন তারাতলা-বিপর্যয়ে গোটা শহর যখন উদ্বেগে থমকে গিয়েছে, ঠিক তখনই হাওড়া, শিয়ালদহ এবং লিলুয়া রেলওয়ে ওয়ার্কশপের দক্ষ কর্মীদের নিয়ে গঠিত পূর্ব রেলের ‘ডেডিকেটেড রেসকিউ অ্যান্ড রিলিফ টিম’ দ্রুত পৌঁছে গিয়েছিল অকুস্থলে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ১৯:১১
Suvendu Adhikari

রাজ্যের তরফে সম্মানিত করা হল রেলকে। —নিজস্ব চিত্র।

দক্ষিণ কলকাতার উপকণ্ঠে তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ধসে চাপা পড়া শ্রমিকদের উদ্ধারকাজে ‘অনন্য অবদানের’ জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্মানিত করলেন পূর্ব রেলের আধিকারিক এবং কর্মীদের।

গত ২৪ জুন তারাতলা-বিপর্যয়ে গোটা শহর যখন উদ্বেগে থমকে গিয়েছে, ঠিক তখনই হাওড়া, শিয়ালদহ এবং লিলুয়া রেলওয়ে ওয়ার্কশপের দক্ষ কর্মীদের নিয়ে গঠিত পূর্ব রেলের ‘ডেডিকেটেড রেসকিউ অ্যান্ড রিলিফ টিম’ দ্রুত পৌঁছে গিয়েছিল অকুস্থলে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরফ), সেনাবাহিনী, কলকাতা পুলিশ এবং দমকলবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ২৪ ঘণ্টা নিরলস ভাবে উদ্ধারকাজ করে গিয়েছেন রেলের কর্মীরা। ধ্বংসস্তূপ থেকে শ্রমিরদের উদ্ধার করা এবং পরিস্থিতি স্বাভাবিক করতে যে সাহস এবং দায়িত্বের পরিচয় তাঁরা দিয়েছেন, তাকে সম্মান জানাল রাজ্য সরকার।

কলকাতা পুলিশের আয়োজন করা সংবর্ধনা অনুষ্ঠানে তারাতলার সঙ্কটের সময়ে উদ্ধারকাজে যুক্ত থাকা প্রত্যেককে সম্মানিত করেন মুখ্যমন্ত্রী। পূর্ব রেলের তরফে মুখ্যমন্ত্রীর কাছে সম্মাননা গ্রহণ করেন প্রিন্সিপাল চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (পিসিএমই) পরমানন্দ শর্মা। দুর্ঘটনা পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ করা, প্রযুক্তিগত দক্ষতা এবং জীবন বাঁচানোর জন্য অবিচল অঙ্গীকারের জন্য পূর্ব রেলের ৯০ জনকে ব্যক্তিগত ভাবে সম্মানিত করেছেন শুভেন্দু।

দলের কৃতিত্ব এবং সাহসিকতার প্রশংসা করে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্করের মন্তব্য, ‘‘অসামরিক কর্তৃপক্ষের সঙ্গে চমৎকার সমন্বয় সাধন এবং ময়দানে নেমে বীরত্বের সঙ্গে কাজ করার জন্য উদ্ধারকারী দলের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করেছি।’’ দলকে শুভেচ্ছা জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝিও। তিনি বলেন, ‘‘এই সম্মান আমাদের উদ্ধারকারী দলের প্রত্যেক সদস্যের প্রাপ্য, যাঁরা সাধারণ মানুষের চরম বিপদের দিনে নিরলস ভাবে কাজ করেছেন তাঁরা। দেশের প্রতি পূর্ব রেলের অবিচল অঙ্গীকার আরও একবার প্রমাণ করে সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন তাঁরা।’’

Eastern Railways Suvendu Adhikari Taratala

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy