পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের গণনার দিন ঝড়বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। অক্ষরেখা এবং ঘূর্ণাবাতের জোড়া ফলায় গত দু’তিন দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও আবার ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইছে। বিকেলের পর থেকেই আবহাওয়া পরিবর্তনের ছবি দেখা যাচ্ছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ— দুই প্রান্তেই। রবিবারও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে দক্ষিণের তুলনায় উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কম হতে পারে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার, ভোটগণনার দিনও দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টি চলবে।
রবিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রোদের তেজ তেমন নেই। কোথাও কোথাও আকাশ মেঘলা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, রবিবারও কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে ঝড়ের গতি আরও বাড়তে পারে বলে পূর্বাভাস। জারি করা হয়েছে কমলা সতর্কতা। বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, হুগলির কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাকি জেলাগুলিতেও কমবেশি ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনায় বুধবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। তার পর থেকে ঝড়বৃষ্টির পরিমাণ কমতে পারে।
আরও পড়ুন:
আগামী সাত দিন উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। উত্তরের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস। রবিবার মালদহ, দুই দিনাজপুর এবং দার্জিলিঙে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবারও আবহাওয়া একই থাকবে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস। মালদহে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতে ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার।
আগামী বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে আগামী তিন দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।