সরাসরি পশ্চিমবঙ্গের নাম করলেন না। কিন্তু জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বুধবার বুঝিয়ে দিলেন, স্থায়ী চেয়ারম্যান ছাড়া কাজ চালাতে গিয়ে কঠিন পরিস্থিতির সামনে পড়েছে রাজ্য মানবাধিকার কমিশন। কতটা কঠিন, তা বোঝাতে জাতীয় কমিশনের প্রধান সাইরিয়াক জোসেফ বলেন, ‘‘বইয়ে গরুর ছবি দিয়ে তার নীচে লেখা থাকে ‘গরু ঘাস খায়’। কিন্তু বইয়ের গরু কি সত্যি ঘাস খেতে পারে? তেমনই যথাযথ কর্মী ছাড়া মানবাধিকার কমিশনের পক্ষে দায়িত্ব পালন করা কঠিন হয়।’’
দেড় বছরেরও বেশি পশ্চিমবঙ্গ রাজ্য মানবাধিকার কমিশনে কোনও স্থায়ী চেয়ারম্যান নেই। কার্যনির্বাহী চেয়ারম্যান হিসেবে কাজ চালাচ্ছেন নপরাজিত মুখোপাধ্যায়। তাই ওই কমিশনের সুপারিশ কতটা বৈধ, তা নিয়ে প্রশ্ন উঠছে বারে বারেই।
জোসেফ রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য মণিশঙ্কর দ্বিবেদীর সামনেই বলেন, ‘‘বেশ কিছু রাজ্যে মানবাধিকার কমিশনের হয় মুড়ো নেই বা ল্যাজা নেই। এই ভাবে কাজ চালানো যায় না। এর বিরুদ্ধে নাগরিক সমাজ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলির আওয়াজ তোলা উচিত।’’