আমেরিকায় তৈরি যুদ্ধবিমান এফ-১৬ পাকিস্তানের বায়ুসেনার অন্যতম সম্পদ। সেই যুদ্ধবিমান আফগানিস্তানের হামলায় ধ্বংস হয়েছে বলে দাবি করল কাবুল। প্রমাণ হিসাবে ভিডিয়োও প্রকাশ করা হল। যদিও ভিডিয়োটিকে ভুয়ো বলে দাবি করেছে ইলন মাস্কের সংস্থা এক্স-এর কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যাটবট গ্রোক। বৃহস্পতিবার রাত থেকে আফগান-পাক সীমান্তে গোলাগুলি চলছে। পাকিস্তান সরাসরি ‘যুদ্ধ’ ঘোষণা করেছে এই পড়শি দেশের বিরুদ্ধে।
শুক্রবার সকালে আফগানিস্তানের প্রতিরক্ষা বাহিনীর দেওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একটি যুদ্ধবিমান মুখ থুবড়ে পড়ে আছে। ভাঙাচোরা বিমানটিতে আগুন জ্বলছে। তাতে পাকিস্তানের পতাকাও আঁকা রয়েছে। এই ভিডিয়োর সঙ্গে লেখা হয়েছে, ‘‘এটা পাকিস্তান সেনার এফ-১৬, আমেরিকার তৈরি। আফগান বাহিনী এটা ধ্বংস করেছে।’’ ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। এই ভিডিয়োটি খাঁটি কি না, জানতে চাওয়া হয়েছিল গ্রোক-এর কাছে। এআই বলেছে, ‘‘যেমনটা দাবি করা হচ্ছে, তা সত্য নয়। এখানে একটি বড় বিমানের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে, তাতে ৮৫৫১০ নম্বর এবং পাকিস্তানের চিহ্ন রয়েছে। তবে এফ-১৬ যুদ্ধবিমানের সঙ্গে এর মিল নেই। আকার এবং গড়নেই পার্থক্য রয়েছে। শুক্রবার পাকিস্তানি বাহিনী আফগানিস্তানের সঙ্গে সংঘর্ষে কোনও যুদ্ধবিমান হারিয়েছে বলেও খবর নেই। সম্ভবত এটি পুরনো কোনও ভিডিয়ো।’’
আরও পড়ুন:
এ ছাড়াও সীমান্তে পাকিস্তানি সেনার একাধিক ঘাঁটিতে হামলার ভিডিয়ো প্রকাশ করেছে আফগান বাহিনী। কাবুল সমাজমাধ্যমে দাবি করেছে, তাদের হামলার কারণে পাকিস্তানে জরুরি অবস্থা জারি করতে হয়েছে। শুধু তা-ই নয়, পাকিস্তানি সেনার তরফ থেকে সংঘর্ষবিরতি, শান্তি, সমঝোতার প্রস্তাবও এসেছে বলে দাবি করেছে আফগানিস্তান। যদিও পাকিস্তানের তরফে এই দাবি স্বীকার করা হয়নি। আফগানিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতের অভিযানকে তারা ‘অপারেশন ঘাজ়াব লিল হক’ নামে চিহ্নিত করেছে।
বৃহস্পতিবার রাত থেকে পাক-আফগান সীমান্ত নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। রাতে পাকিস্তানে হামলা শুরু করে আফগান বাহিনী। পাক বিমানহানার প্রতিশোধ নিতেই এই হামলা বলে দাবি করা হয়। আফগানিস্তানের তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লা মুজাহিদ বলেন, ‘‘আমাদের সেনারা নাইট ভিশন এবং লেজ়ার নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। এ বার ওদের (পাকিস্তানি ফৌজ) নরকে পাঠাব।’’ তার পরেই পাল্টা জবাব দেয় পাকিস্তানও।
পাকিস্তানের ৫৫ জন সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তানের তালিবান সরকার। যদিও এই পরিসংখ্যান মানতে রাজি নয় ইসলামাবাদ। তাদের পাল্টা দাবি, দুই পাক সেনার মৃত্যু হয়েছে। উল্টো দিকে মারা গিয়েছেন ৩৬ জন আফগান সেনা।
যে পাক যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে বলে কাবুল দাবি করছে, সেই মার্কিন এফ-১৬ এর আগে ভারতের সঙ্গে সংঘর্ষেও ব্যবহার করেছিল পাকিস্তান। গত বছর মে মাসে পহেলগাঁও হামলার প্রত্যাঘাতে পাকিস্তানে হামলা চালিয়েছিল ভারত। তখন টানা চার দিন ধরে দুই দেশের সংঘাত চলে। দাবি, দুই দেশের একাধিক যুদ্ধবিমান তাতে ধ্বংস হয়েছে।