E-Paper

হোয়াইট হাউসের সামনে গুলি, গ্রেফতার বন্দুকবাজ

দ্বিতীয় দফায় ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় ক্ষমতায় ফেরার আগেই এক নির্বাচনী প্রচার সভায় তাঁকে লক্ষ্য করে গুলি চলেছিল। সেই সময়ে কান ঘেঁষে বেরিয়ে গিয়েছিল গুলি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ০৯:২৭
গুলি-কাণ্ডের পরে ঘটনাস্থল পরিদর্শনে আমেরিকার সিক্রেট সার্ভিস-এর ডেপুটি ডিরেক্টর ম্যাথু কুইন।

গুলি-কাণ্ডের পরে ঘটনাস্থল পরিদর্শনে আমেরিকার সিক্রেট সার্ভিস-এর ডেপুটি ডিরেক্টর ম্যাথু কুইন। ছবি: রয়টার্স।

সপ্তাহখানেক আগেই হোয়াইট হাউসের সাংবাদিকদের একটি নৈশভোজ অনুষ্ঠানে গুলি চলার ঘটনা ঘটেছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সস্ত্রীক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আমেরিকার প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের খুব কাছেই ফের গুলি চলল। গতকালের এই ঘটনায় হেফাজতে নেওয়া হয়েছে অভিযুক্ত বন্দুকবাজকে। আমেরিকার সিক্রেট সার্ভিস বিভাগের ডেপুটি ডিরেক্টর ম্যাথু কুইন সাংবাদিকদের জানিয়েছেন, ওই ব্যক্তি তাঁদের অফিসারদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করলে তাঁর পায়ে গুলি চালানো হয়। অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছেন ম্যাথু। এই গুলি-কাণ্ডের পরপরই কিছু ক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল গোটা হোয়াইট হাউস চত্বর।

দ্বিতীয় দফায় ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় ক্ষমতায় ফেরার আগেই এক নির্বাচনী প্রচার সভায় তাঁকে লক্ষ্য করে গুলি চলেছিল। সেই সময়ে কান ঘেঁষে বেরিয়ে গিয়েছিল গুলি। তার পরে গত ২৫ এপ্রিল সাংবাদিকদের নৈশভোজ অনুষ্ঠানে গুলি চালান কোল টমাস অ্যালেন নামে বছর একত্রিশের এক অভিযুক্ত। অনুষ্ঠানস্থল থেকে ট্রাম্প এবং তাঁর স্ত্রী মেলানিয়াকে দ্রুত সুরক্ষিত অবস্থায় সরিয়ে দেওয়া হয়েছিল সে দিন। গ্রেফতার করা হয় অ্যালেনকে। এর পর থেকেই আমেরিকার সিক্রেট সার্ভিস এজেন্টদের তৎপরতা আরও বেড়েছে।

ম্যাথু জানিয়েছেন, গত কাল হোয়াইট হাউসের সামনের রাস্তায় প্রথমে সাদা পোশাকে থাকা সিক্রেট সার্ভিস এজেন্টদের সন্দেহজনক গতিবিধি চোখে পড়ে। তাঁরা ওই ব্যক্তিকে নজরে রাখতে শুরু করেন। এর পরে উর্দিধারী সিক্রেট সার্ভিস এজেন্টরা ওই ব্যক্তিকে অনুসরণ করতে শুরু করলে তিনি সতর্ক হয়ে যান এবং তাঁদের লক্ষ্য করে গুলি চালান। এর পরেই অভিযুক্ত বন্দুকবাজের পায়ে গুলি করা হয় বলে জানিয়েছেন ম্যাথু। অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। তবে বন্দুকবাজের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তাঁর কাছ থেকে কী ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, তা নিয়েও নীরব তদন্তকারীরা। গত কাল এই সংঘর্ষের মধ্যে পড়ে আহত হয়েছে একটি শিশু। তবে তার আঘাত গুরুতর নয় বলেই জানিয়েছেন ম্যাথু। কী ভাবে শিশুটি আহত হল, তা স্পষ্ট নয়। তদন্তকারীদের দাবি, বন্দুকবাজের গুলিতেই আহত হয় শিশুটি।

ওয়াশিংটনের মেট্রোপলিটন পুলিশ বিভাগের তরফে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। আদৌ প্রেসিডেন্ট ট্রাম্প এই হামলার মূল লক্ষ্য ছিলেন কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। গুলি চলার কিছু ক্ষণ আগেই ওই রাস্তা দিয়ে গিয়েছিল ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের কনভয়। তবে বন্দুকবাজের নিশানায় ভান্স ছিলেন বলে এই মুহূর্তে তাঁদের কাছে কোনও তথ্যপ্রমাণ নেই বলে জানিয়েছেন ম্যাথু। তাঁর দাবি, সবটাই তদন্ত করে দেখা হচ্ছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

The White House Gunman Attack USA Donald Trump

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy