Advertisement
E-Paper

তিস্তা নিয়ে চিনের সহযোগিতা চাইল বাংলাদেশ! নদীতে সেচ প্রকল্প বাস্তবায়িত করতে বেজিংকে প্রস্তাব ঢাকার

তিন দিনের চিন সফরে গিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। সে দেশের বিদেশমন্ত্রী ওয়াং ই-র নানা বিষয়ে বৈঠক হয়েছে। সেই বৈঠকেই তিস্তা সেচপ্রকল্প নিয়ে আলোচনা হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ১৪:৪৭
তিস্তা সেচপ্রকল্প নিয়ে চিনের সঙ্গে বৈঠক বাংলাদেশের। প্রতীকী ছবি।

তিস্তা সেচপ্রকল্প নিয়ে চিনের সঙ্গে বৈঠক বাংলাদেশের। প্রতীকী ছবি।

তিস্তা প্রকল্প নিয়ে চিনের সহযোগিতা চাইল বাংলাদেশ। নদীতে সেচ প্রকল্প বাস্তবায়িত করতে বেজিঙের সঙ্গে আলোচনা চালাচ্ছে ঢাকা। প্রসঙ্গত, তারেক রহমানের বিএনপি ক্ষমতায় আসার আড়াই মাসের মাথায় প্রথম বার চিন সফরে গিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। এই সফরেই চিনের সঙ্গে তিস্তা প্রকল্পের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

বিবিসি-র প্রতিবেদন অনুযায়ী, এই সফরে দু’দেশের মধ্যে যে বিষয়গুলি আলোচনা হয়েছে, তার মধ্যে তিস্তা প্রকল্পের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করার বার্তা দেওয়ার পাশাপাশি তিস্তা নিয়ে চিনের সহযোগিতাও চাওয়া হয়েছে বলে সাংবাদমাধ্যম বিএসএস নিউজ়-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ওই প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র বৈঠক হয়েছে। সেই বৈঠকে দু’দেশ পরস্পরের স্বার্থরক্ষায় কাজ করবে বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। শুধু তা-ই নয়, শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য পাঁচটি নীতি বজায় রাখা-সহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতায় সম্মত হয়েছে দু’দেশ। তবে এই সফরের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল তিস্তা প্রকল্প। তিস্তা নিয়ে যে পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ সেটির নাম দেওয়া হয়েছে ‘কম্প্রিহেনসিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টরেশন অফ তিস্তা রিভার প্রজেক্ট’। ২০১৬ সালে সমীক্ষার মাধ্যমে এর প্রাথমিক কাজ শুরু হয়। ২০২৩ সালে একটি রিপোর্ট তৈরি করা হয়। এই প্রকল্পের মধ্যে রয়েছে ১০২ কিমি নদী খনন করে তিস্তার গভীরতা বৃদ্ধি, নদীর দু’পাশে ২০৩ কিলোমিটার বাঁধ নির্মাণ করে ভাঙন রোধের মতো বেশ কিছু কাজ। আওয়ামি লিগের সরকারের সময়েই এই প্রকল্প বাস্তবায়নের জন্য চিন আগ্রহ দেখিয়ে আসছিল।

প্রসঙ্গত, ভারত ও বাংলাদেশের মধ্যে বহমান ৫৬টি নদীর মধ্যে সিকিম ও পশ্চিমবঙ্গের যে গুরুত্বপূর্ণ নদীগুলি রয়েছে তার অন্যতম হল তিস্তা। শেখ হাসিনার সরকার তিস্তা মহাসেচ পরিকল্পনা বাস্তবায়নের ভার ভারতকে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তাঁর সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বিএনপির তরফে বেজিং সফরে গিয়ে একাধিক প্রতিনিধি দল ওই প্রকল্প চিনকে দেওয়ার আশ্বাস দিয়ে আসে। একই আশ্বাস দেয় বাংলাদেশ সংসদে বিরোধীপক্ষ জামায়াতে ইসলামি। বৃহস্পতিবার বেজিঙে বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমানের উপস্থিতিতে সরকারি ভাবেও চিনকে সেই প্রস্তাব দেওয়া হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি।

Teesta Bangladesh China
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy