Advertisement
E-Paper

তুষারঝড়ে বিধ্বস্ত উত্তর-পূর্ব আমেরিকা! বস্টনে এক দিন বন্ধ রইল সংবাদপত্রের প্রকাশনা, ১৫৩ বছরের ইতিহাসে প্রথম

ওই সংবাদপত্রের তরফে তাদের ওয়েবসাইটে জানানো হয়েছে, গত ১৫৩ বছরে প্রযুক্তিগত সমস্যা, অতিমারি বা অন্য কোনও কারণে এক দিনের জন্যও বন্ধ হয়নি প্রকাশনা। কিন্তু সোমবার বস্টনে এতটাই ভয়াবহ তুষারঝড় হয়েছিল যে, ‘বস্টন গ্লোব’ প্রকাশ করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সম্ভব হয়নি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২২

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

তুষারঝড়ে বিধ্বস্ত আমেরিকার ম্যাসাচুসেটসের বস্টন। তার জেরে এক দিন বন্ধ রইল ‘বস্টন গ্লোব’ নামে একটি দৈনিক সংবাদপত্রের প্রকাশনা। ওই সংবাদপত্রের ১৫৩ বছরের ইতিহাসে এই প্রথম। সোমবার উত্তর-পূর্ব আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে হয়েছে এই তুষারঝড়। তার জেরে বন্ধ করা হয় স্কুল, কলেজ, দফতর। ঘরবন্দি হন হাজার হাজার মানুষ।

ওই সংবাদপত্রের তরফে তাদের ওয়েবসাইটে জানানো হয়েছে, গত ১৫৩ বছরে প্রযুক্তিগত সমস্যা, অতিমারি বা অন্য কোনও কারণে এক দিনের জন্যও বন্ধ হয়নি প্রকাশনা। কিন্তু সোমবার বস্টনে এতটাই ভয়াবহ তুষারঝড় হয়েছিল যে, ‘বস্টন গ্লোব’ প্রকাশ করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। তাদের তরফে জানানো হয়েছে, মঙ্গলবারের সংস্করণ বুধবারের কাগজের সঙ্গে পাঠকদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে।

মঙ্গলবার পাঠকদের বাড়িতে পৌঁছোলো না ‘বস্টন গ্লোব’।

মঙ্গলবার পাঠকদের বাড়িতে পৌঁছোলো না ‘বস্টন গ্লোব’। ছবি: সংগৃহীত।

‘বস্টন গ্লোব’ সংবাদমাধ্যমের ভাইস প্রেসিডেন্ট জশ রাসেল জানিয়েছেন, কাগজগুলি বাড়ি বাড়ি পৌঁছোনোর জন্য কাউকে পাওয়া যাবে কি না, সে বিষয়ে তাঁরা নিশ্চিত ছিলেন না। সোমবারও এই তুষারঝড়ের কারণে মাত্র ২৫ শতাংশ পাঠক কাগজ পেয়েছিলেন।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলছে, ওই সংবাদপত্রের দফতর বস্টনের যেখানে, সেখানে সোমবার রাতে ৩২ ইঞ্চি বরফ জমে ছিল। এর আগে ১৯৭৮ সালের ৭ ফেব্রুয়ারি ওই সংবাদপত্র ছাপানো হলেও তা মাত্র কয়েক জন পাঠকের বাড়িতেই পৌঁছোনো গিয়েছিল। মঙ্গলবার আর সেটুকুও করা যায়নি।


আমেরিকার প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ডেলাওয়্যার থেকে ম্যাসাচুসেটস পর্যন্ত বেশ কিছু জায়গায় জরুরি তুষারঝড়ের জন্য অবস্থা ঘোষণা করা হয়েছে। নিউ ইয়র্ক, বস্টনে সোমবার বন্ধ ছিল স্কুল। ফিলাডেলফিয়ায় অনলাইনে ক্লাস হয়েছে। ঝড়ে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিদ্যুতের তার। অন্ধকারে দিন কাটিয়েছেন হাজার হাজার মানুষ। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, সপ্তাহের শেষে আবার তুষারঝড়ের সম্ভাবনা রয়েছে উত্তর-পূর্ব আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে।

USA Blizzard Boston
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy