বাংলাদেশে ভোটগণনার প্রাথমিক প্রবণতা বলছে অনেকটাই এগিয়ে রয়েছে সদ্যপ্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিএনপি। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টে-তে (স্থানীয় সময়) ভোটপর্ব মেটার পরে একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ গণভোটের গণনা শুরু হয়েছে। গণভোটের প্রবণতা জানাচ্ছে, বড় ব্যবধানে ‘হ্যাঁ’ পেয়ে জিততে চলেছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক সংস্কার সংক্রান্ত প্রস্তাব।
বাংলাদেশ জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে নির্বাচন হয়েছে বৃহস্পতিবার। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যমের একাংশ রাত ১১টা পর্যন্ত ১২৯টি আসনের গণনার প্রবণতা প্রকাশ করেছে। তা থেকে জানা যাচ্ছে, বিএনপি জোট ৯৬, জামায়াতে ইসলামী (জামাত নামে যা পরিচিত)-র নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৩২ এবং অন্যেরা ১টি আসনে এগিয়ে। যদিও সরকারি সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম বিবিসি প্রকাশিত খবরে দাবি, বিএনপি জোট ১৪ এবং জামাত জোট ৯টি আসনে এগিয়ে।
আরও পড়ুন:
প্রয়াত খালেদার পুত্র তথা বিএনপির প্রধান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের অন্যতম নেতা মহম্মদ আসাদুজ্জমানের মতো নেতার এগিয়ে রয়েছেন। অন্য দিকে, জামাতের প্রধান (আমির) শফিকুর রহমান এগিয়ে থাকলেও তিন হেভিওয়েট প্রার্থী— দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এবং ছাত্র সংগঠন ইসলামি ছাত্রশিবিরের নেতা তথা আইনজীবী শিশির মনির পিছিয়ে। জামাতের জোটসঙ্গী তথা জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের একাংশের দল এনসিপির হাসনত আবদুল্লা জয়ের দোরগোড়ায়। প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর সঙ্গে তুল্যমূল্য লড়াই চলছে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির।