Advertisement
E-Paper

ইজ়রায়েল-লেবাননের সংঘর্ষবিরতি শুরু, তবে ঘরছাড়াদের এখনই ফিরতে নিষেধ করছে ইরান সমর্থিত গোষ্ঠী

ইজ়রায়েল এবং লেবাননের সংঘর্ষ পশ্চিম এশিয়ায় শান্তির পথে অন্যতম ‘কাঁটা’। ইরানের সঙ্গে আমেরিকা এবং ইজ়রায়েলের সমঝোতার ক্ষেত্রেও এই সংঘর্ষবিরতি অতি প্রয়োজন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৪:২২
ইজ়রায়েলের হামলায় লেবাননে ধ্বংসস্তূপ।

ইজ়রায়েলের হামলায় লেবাননে ধ্বংসস্তূপ। ছবি: রয়টার্স।

ইজ়রায়েল এবং লেবাননের মধ্যে সংঘর্ষবিরতি শুরু হয়েছে। ১০ দিনের এই সংঘর্ষবিরতির কথা বৃহস্পতিবার রাতেই ঘোষণা করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ঘোষণা অনুযায়ী, রাত আড়াইটে থেকে (ভারতীয় সময়) সংঘর্ষবিরতি কার্যকর হয়েছে। ট্রাম্প জানিয়েছিলেন, এই নিয়ে দশম যুদ্ধ তিনি থামাতে চলেছেন। তবে সংঘর্ষবিরতির ঠিক আগে লেবাননে বোমাবর্ষণ করে ইজ়রায়েল। সেখানকার ইরান সমর্থিত গোষ্ঠী হিজ়বুল্লা ঘরছাড়া নাগরিকদের সাবধান করে দিয়েছে। এখনই ফিরে আসতে নিষেধ করেছে তারা। জানিয়ে দিয়েছে, ইজ়রায়েলের সেনাকে তারা বিশ্বাস করে না।

ইজ়রায়েল এবং লেবাননের সংঘর্ষ পশ্চিম এশিয়ায় শান্তির পথে অন্যতম ‘কাঁটা’। ইরানের সঙ্গে আমেরিকা এবং ইজ়রায়েলের সমঝোতার ক্ষেত্রেও এই সংঘর্ষবিরতি অতি প্রয়োজন। ইরান বার বার দাবি করে এসেছে, সমঝোতা করতে হলে লেবাননে ইজ়রায়েলের আগ্রাসন আগে বন্ধ করতে হবে। সেই পরিস্থিতিতে ট্রাম্পের বৃহস্পতিবারের ঘোষণাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। এমনকি, ইরানের সঙ্গেও শীঘ্রই দ্বিতীয় দফার আলোচনা এবং চুক্তির ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। অভিযোগ, বৃহস্পতিবার রাতে সংঘর্ষবিরতি কার্যকর হওয়ার ঠিক আগে দক্ষিণ লেবাননে হামলা চালায় ইজ়রায়েলি সেনা। বেশ কিছু ক্ষণ বোমাবর্ষণ করা হয়। ওই অঞ্চল হিজ়বুল্লাদের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। আগেই সেখান থেকে বহু নাগরিক পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সংঘর্ষবিরতির কথা ট্রাম্প ঘোষণা করার পর হিজ়বুল্লারা ঘরছাড়াদের সতর্ক করে দিয়েছে। বলা হয়েছে, ইজ়রায়েলকে কোনও বিশ্বাস নেই। তাই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না-হওয়া পর্যন্ত দক্ষিণ লেবাননে ফেরা নিরাপদ হবে না।

ইজ়রায়েল-লেবাননের সংঘর্ষবিরতিকে স্বাগত জানিয়েছে ইরান। সে দেশের বিদেশ মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, আঞ্চলিক সংঘাতে বৃহত্তর বিরতির অংশ এই সংঘর্ষবিরতি। স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, সংঘর্ষবিরতির কথা শুনেই ঘরছাড়াদের অনেকে দক্ষিণ লেবাননে ফিরতে শুরু করেছেন। তবে লেবাননের সেনা ইতিমধ্যে বেশ কয়েক বার সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইজ়রায়েলের বিরুদ্ধে।

Advertisement

ট্রাম্প জানিয়েছিলেন, ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আওউনের সঙ্গে তিনি কথা বলেছেন। দু’জনেই প্রাথমিক ভাবে ১০ দিনের সংঘর্ষবিরতিতে রাজি হয়েছেন। আগামী দিনে এই সংঘাত স্থায়ী ভাবে মিটিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

সংক্ষেপে
  • ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
  • আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
  • শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
সর্বশেষ
৬ ঘণ্টা আগে
Lebanon Israel Lebanon War Benjamin Netanyahu Donald Trump ceasefire
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy