পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পরে বিক্ষোভকারীদের ছোড়া ডিমের নিশানা হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়েরা। এ বার সেই প্রবণতা দেখা গেল বাংলাদেশেও। বিরোধী জোটের অন্যতম দল জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বুধবার যশোরের বেনাপোল সীমান্তে এসে বিক্ষোভের মুখে পড়েন। সে সময় তাঁকে নিশানা করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ।
এনসিপির তরফে বলা হয়েছে, নাসিরুদ্দিন বুধবার বেলা সওয়া ১টার দিকে বেনাপোলের সাদিপুর সীমান্ত পরিদর্শন শেষে ফেরার পথে হামলার ঘটনা ঘটে। হামলায় ছাত্রশক্তির নেতা খান মিফতাহুল মোস্তাফিজ ও তাসকিন আহমেদ, যুবশক্তির নেতা রুপম আহসান আহত হন। নাসিরুদ্দিন-সহ দলের অন্য নেতারা গাড়ির ভিতরে থাকায় তাঁরা অক্ষত রয়েছেন। ঘটনার নেপথ্যে বাংলাদেশের শাসকদল বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের কর্মী-সমর্থকেরা রয়েছেন বলে এনসিপির অভিযোগ।
আরও পড়ুন:
এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য খালিদ সাইফুল্লাহ জুয়েল বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, ‘‘সাদিপুর সীমান্তের পাশাপাশি বেনাপোল স্থলবন্দর বাজারেও আমাদের নেতাদের কনভয়ে ছাত্রদলের নেতৃত্বে হামলা চালানো হয়েছে।’’ যদিও বেনাপোল থানার ভারপ্রাপ্ত ওসি আশরাফ হোসেন বলেন, ‘‘এ ধরনের কোনও হামলার ঘটনা ঘটেনি। কেউ কোনও অভিযোগও করেননি।’’ প্রসঙ্গত, জুলাই আন্দোলনের সামনের সারিতে থাকা ছাত্র-যুব নেতাদের একাংশের সদ্যগঠিত দল এনসিপি জাতীয় সংসদের নির্বাচনে ‘মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি’ জামাতের সঙ্গে সমঝোতা করেছিল। নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রার্থী হয়েছিলেন নাসিরুদ্দিন, কিন্তু বিএনপির মির্জা আব্বাসের কাছে তিনি পরাস্ত হন।