Advertisement
E-Paper

পদত্যাগের ঘোষণা ট্রাম্পের গোয়েন্দা প্রধানের, নেপথ্যে কারণ কী, কে নেবেন দায়িত্ব

ওভাল অফিসে বৈঠকের সময়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্যাবার্ড জানান, তাঁর স্বামী আব্রাহামের হাড়ে অত্যন্ত বিরল এক ধরনের ক্যানসার হওয়ার কারণেই তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ০১:৩২
তুলসি গ্যাবার্ড।

তুলসি গ্যাবার্ড। — ফাইল চিত্র।

পদত্যাগ করার ঘোষণা করলেন আমেরিকার জাতীয় গোয়েন্দা সংস্থার (ওডিএনআই) ডিরেক্টর তুলসি গ্যাবার্ড। শুক্রবার ওভাল অফিসে নিজের সিদ্ধান্তের কথা জানান গ্যাবার্ড। সম্ভবত আগামী ৩০ জুন ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা প্রধান হিসাবে শেষ দায়িত্ব পালন করবেন তিনি।

ওভাল অফিসে বৈঠকের সময়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্যাবার্ড জানান, তাঁর স্বামী আব্রাহামের হাড়ে অত্যন্ত বিরল এক ধরনের ক্যানসার হওয়ার কারণেই তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। এই লড়াইয়ে স্বামীকে একা না ছেড়ে সর্বতোভাবে স্বামীর পাশে থাকার জন্যই তাঁকে জনসেবার দায়িত্ব থেকে অবসর নিতে হচ্ছে। ট্রাম্পকে পাঠানো নিজের ইস্তফাপত্রের ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে পোস্ট করেছেন গ্যাবার্ড।

তুলসির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্প। তিনি জানাচ্ছেন ভারপ্রাপ্ত ডিরেক্টর হিসাবে দায়িত্ব সামলাবেন অ্যারন লুকাস। বর্তমানে গোয়েন্দা সংস্থার ডেপুটি ডিরেক্টর তিনি।

গ্যাবার্ড জানিয়েছেন, এগারো বছরের বিবাহিত জীবনে স্বামীই তাঁর ‘অবলম্বন’। বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলানোর মূল চালিকা শক্তি ছিল স্বামীর ‘শক্তি’ ও ‘ভালবাসা’। তিনি এও জানিয়েছেন, ‘বিবেকের তাড়না’ থেকেই তিনি গুরুত্বপূর্ণ পদ সামলানোর দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন। এত দিন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ার জন্য গ্যাবার্ড ধন্যবাদও জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্টকে।

প্রসঙ্গত, মার্কিন কংগ্রেসে প্রথম হিন্দু ছিলেন তুলসি। গোয়েন্দা সংস্থার বার্ষিক খরচ প্রায় সত্তর কোটি মার্কিন ডলার কমিয়েছিলেন তিনি। প্রায় পাঁচ লক্ষ গোপন সরকারি নথি প্রকাশও করেছিলেন তিনি। যার মধ্যে ছিল ট্রাম্প—রাশিয়া তদন্ত, কেনেডি হত্যাকাণ্ড, ২০১৬ সালের আমেরিকার নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ মামলার মত বিষয়।

জল্পনা ছড়িয়েছে, তুলসিকে আসলে পদত্যাগে বাধ্য করা হয়েছে। প্রসঙ্গত, মার্চে হোমল্যাল্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোমকে পদছ্যুত করেছিলেন ট্রাম্প। তার পরে মন্ত্রিসভার সদস্য অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি পদত্যাগ করেন। এপ্রিলে পদত্যাগ করেছিলেন লেবার সেক্রেটারি লরি শাভেজ ডেরেমার। আর মে মাসে জানা গেল পদত্যাগের তালিকায় নাম যুক্ত হয়েছে তুলসির।

Donald Trump america USA
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy