Advertisement
E-Paper

বিমান দুর্ঘটনায় শোকবার্তা ভারতীয় দূতাবাসের, সোমবার জাতীয় শোকদিবস পালন করবে নেপাল

নেপালে দুর্ঘটনার কবলে পড়া বিমানটিতে চালক, কর্মী-সহ মোট ৬৭ জন ছিলেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে ৫ জন ভারতীয়। বিমান সংস্থা ইয়েতির তরফে ভারতীয় যাত্রীদের নামপ্রকাশ করা হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৩ ১৭:১০
নেপালে দুর্ঘটনাগ্রস্ত সেই বিমান।

নেপালে দুর্ঘটনাগ্রস্ত সেই বিমান। ছবি: রয়টার্স।

নেপালের ভয়াবহ বিমান দুর্ঘটনায় অন্তত ৬৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। বিমানে, চালক, কর্মী-সহ মোট ৬৭ জন ছিলেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে ৫ জন ভারতীয়। নেপালের অন্তর্দেশীয় বিমান সংস্থা ইয়েতির তরফে ভারতীয় যাত্রীদের নামপ্রকাশ করা হয়েছে। তাঁরা হলেন অভিষেক কুশওয়াহা, বিশাল শর্মা, অনিল কুমার রাজভর, সোনু জয়সওয়াল এবং সঞ্জয় জয়সওয়াল। সংবাদ সংস্থা পিটিআইকে এই নামগুলিই জানিয়েছে বিমান সংস্থাটি। এ দিকে এই ঘটনায় মুহ্যমান নেপাল সোমবার জাতীয় শোকদিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে।

দুর্ঘটনাগ্রস্ত বিমানে থাকা যাত্রীরা কেমন রয়েছেন, তাঁরা বেঁচে রয়েছেন কি না, তা অবশ্য এখনও নিশ্চিত ভাবে জানানো হয়নি। সংবাদ সংস্থা এএনআইকে নেপালের ভারতীয় রাষ্ট্রদূত বলেছেন, “নেপালে বিমান দুর্ঘটনায় ৭২ জনের মৃত্যু হয়েছে। যাঁদের মধ্যে কয়েক জন ভারতীয়ও রয়েছেন। মৃতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের আমি সমবেদনা জানাই। এই দুর্ঘটনায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের সকলের জন্য আমরা প্রার্থনা করছি।” অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া টুইটারে মৃতদের প্রতি শোকজ্ঞাপন করে লেখেন, ‘‘নেপালের বিমান দুর্ঘটনায় বহু মানুষের মারা যাওয়ার ঘটনা সত্যিই অনভিপ্রেত। স্বজনহারানো পরিবারগুলিকে আমার অন্তরের সমবেদনা জানাই।”

নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে ইতিমধ্যেই একটি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। এই নম্বরে যোগাযোগ করে বিমানে থাকা যাত্রীদের সম্পর্কে খোঁজখবর পাওয়া যাবে। নেপালে ভারতীয় দূতাবাসের তরফে খোলা কাঠমান্ডুর হেল্পলাইন নম্বরটি হল +৯৭৭-৯৮৫১১০৭০২১ (শ্রী দিবাকর শর্মা), পোখরায় হেল্পলাইন নম্বরটি হল +৯৭৭-৯৮৫৬০৩৭৬৯৯ (লেফট্যানেন্ট কর্নেল শশাঙ্ক ত্রিপাঠী)। স্থানীয় প্রশাসনের সঙ্গে দূতাবাস যোগাযোগ রাখছে বলে জানানো হয়েছে। এই বিপর্যয়ে সমবেদনা জানিয়েছে নেপালে অবস্থিত আমেরিকার দূতাবাসও। নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ড জানিয়েছেন, রাজধানী শহর কাঠমান্ডু থেকে মধ্য নেপালের পোখরা যাওয়ার সময় বিমানবন্দরে অবতরণের ঠিক আগে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত বিমানটিতে উদ্ধারকাজ শুরু হয়েছে। এ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছে নেপাল সরকার।

Nepal Plane Crash Indian Embassy Kathmandu Nepal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy