মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আবেদনে’ সাড়া দিয়ে গাজ়ায় শান্তিপ্রতিষ্ঠার লক্ষ্যে প্রেরিত আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে পাঁচটি দেশ সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে ‘বোর্ড অব পিস’-এর বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
আন্তর্জাতিক শান্তিবাহিনীর (আইএসএফ) কমান্ডার মেজর জেনারেল জ্যাসপার জেফার্স শুক্রবার এ কথা জানিয়ে বলেন, ‘‘‘বোর্ড অব পিস’-এর বৈঠকের পরে এখনও পর্যন্ত পাঁচটি দেশ আইএসএফ-এ সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। এরা হল ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো এবং আলবেনিয়া। এ ছাড়া দু’টি দেশ, মিশর ও জর্ডন পুলিশি প্রশিক্ষণের ব্যবস্থা করার অঙ্গীকার করেছে।’’ জেফার্স জানিয়েছেন, আইএসএফ প্রথমে দক্ষিণ গাজার রাফায় বাহিনী মোতায়েন শুরু করবে। সেখানে পুলিশ প্রশিক্ষণ দেবে। পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে ভূমধ্যসাগরের তীরবর্তী প্যালেস্টাইনি ভুখণ্ডের অন্যান্য এলাকায় শান্তিপ্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
প্রসঙ্গত, বৃহস্পতিবার যুদ্ধবিধ্বস্ত গাজ়ার পুনর্গঠনের জন্য মার্কিন প্রেসিডেন্টের গড়া শান্তি পরিষদ (বোর্ড অফ পিস)-এর সদস্যেরা প্রথম বৈঠক করেছে। বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, ন’টি সদস্যরাষ্ট্র— কাজ়াখস্তান, আজ়ারবাইজান, সংযুক্ত আরব আমিরশাহি, মরক্কো, বাহরিন, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান এবং কুয়েতের তরফে বিধ্বস্ত প্যালেস্টাইনি মোট ৭০০ কোটি ডলার (প্রায় ৬৩৭৪১ কোটি টাকা) অর্থসাহায্য দেওয়া হয়েছে। সদস্য এবং পর্যবেক্ষক রাষ্ট্র মিলিয়ে বৃহস্পতিবার ওয়াশিংটনে ‘বোর্ড অফ পিস’-এর বৈঠকে মোট ৪৭টি দেশের প্রতিনিধিরা হাজির ছিলেন। পর্যবেক্ষক রাষ্ট্র ভারতের প্রতিনিধি হিসাবে ছিলেন আমেরিকায় নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স এনসি খাম্পা। ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও।