ঢাকায় গিয়ে বাংলাদেশের নতুন বিরোধী দলনেতা তথা জামায়েত-এ-ইসলামীর শীর্ষনেতা শফিকুর রহমানেপ সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিস্রী। মঙ্গলবার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন তারেক রহমান। সেই শপথগ্রহণ অনুষ্ঠানের ফাঁকে জামায়াতে আমীরের সঙ্গে সক্ষাৎ করেন মিস্রী। সমাজমাধ্যমে বিষয়টি জানিয়েছে ঢাকায় ভারতীয় হাই কমিশন। তাদের পোস্টেই জানা গিয়েছে, ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে আশা প্রকাশ করেন শফিকুর।
ঢাকায় ভারতীয় হাই কমিশন জানিয়েছে, শফিকুরকে শুভেচ্ছা জানিয়েছেন মিস্রী। বাংলাদেশের প্রতি ভারতের ‘সমর্থনের’ কথাও জানিয়েছেন। বাংলাদেশের নতুন বিরোধী দলনেতা দুই দেশের সম্পর্কের বন্ধনের কথা তুলে ধরেছেন। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করাও বার্তা দিয়েছেন।
তারেকের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের লোকসভার স্পিকার (অধ্যক্ষ) ওম বিড়লা। তার পরেই তারেকের সঙ্গে দেখা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি তাঁর হাতে তুলে দেন ওম বিড়লা। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ এক্স পোস্টে ওম বিড়লা এবং তারেকের সাক্ষাতের বিষয়টি জানান। সেখানেই উল্লেখ করেছেন, দুই দেশের দুই নেতার মধ্যে কী কথা হয়েছে। রিয়াজের পোস্ট অনুযায়ী, ভারতের প্রতিনিধি হিসাবে তারেককে শুভেচ্ছা জানিয়েছেন। ওই সৌজন্য সাক্ষাতের মধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেককে ভারতে আসার আমন্ত্রণও জানিয়েছেন ওম বিড়লা। ভারত এবং বাংলাদেশ— দুই দেশের জনগণের কল্যাণের স্বার্থে একসঙ্গে কাজ করার আশাপ্রকাশ করেছেন দু’জনই।