বাংলাদেশের জাতীয় সংসদের নতুন বিরোধী দলনেতা হচ্ছেন জামায়াতে ইসলামী প্রধান (আমির) শফিকুর রহমান। দলের সহ-সভাপতি (নায়েবে আমির) সৈয়দ আবদুল্লা মহম্মদ তাহের পাচ্ছেন উপবিরোধী দলনেতার পদ। মঙ্গলবার জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বৈঠকে স্থির হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী শিবিরের চিফ হুইফ হবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নাহিদ ইসলাম। হুইপ হচ্ছেন জামায়াতের সহকারী মহাসচিব রফিকুল ইসলাম খান।
এ বারের নির্বাচনে শফিকুর ঢাকা-১৫, তাহের কুমিল্লা-১১ এবং রফিকুল সিরাজগ়ঞ্জ-৪ আসন থেকে জামায়াতের প্রার্থী হিসাবে জয়ী হয়েছেন। এনসিপি-র আহ্বায়ক তথা ২০২৪ সালের জুলাই আন্দোলনের অন্যতম মুখ নাহিদ জিতেছেন ঢাকা-১১ আসন থেকে। মঙ্গলবারের বৈঠকে বিরোধী জোটের প্রধান দল জামায়াতের তরফে সহযোগীদের সঙ্গে ঐক্য বজায় রেখে পরবর্তী পদক্ষেপ করার বার্তা দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যেরা শপথ নেন। পরে শপথ নেন এনসিপির সংসদ সদস্যেরা। সংসদ সদস্যের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদেরও শপথ নেন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্যেরা। শাসকদল বিএনপির সংসদ সদস্যেরা সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ার তাঁদের নিশানা করেছে জামায়াত-জোট। শফিকুর বলেন, ‘‘সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জুলাই গণ–অভ্যুত্থানকে উপেক্ষা করেছে সরকারি দল।’’