আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটির (ব্রাক) প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ (৮৩) মারা গেলেন। শুক্রবার রাতে ঢাকার হাসপাতালে মৃত্যু হয় তাঁর। লন্ডন থেকে অ্যাকাউন্টেন্সি পড়ে মোটা বেতনের চাকরি ছেড়ে, লন্ডনের ফ্ল্যাট বিক্রির টাকায় তৈরি করেছিলেন ব্রাক। নিম্নবিত্তদের সাহায্য করার লক্ষ্যে ১৯৭২ সালে সদ্য স্বাধীন বাংলাদেশের শ্রীহট্টের সুনামগঞ্জ থেক ব্রাক-এর পথ চলা শুরু।
কবি সুফিয়া কামালকে চেয়ারম্যান করা হয়েছিল। এখন ব্রাক-এর কর্মিসংখ্যা প্রায় এক লক্ষ। বিশ্ববিদ্যালয়, ব্যাঙ্ক, বীজ প্রস্তুতকারক সংস্থা, মুরগি খামার, ফ্যাশন চেন— বহুধাবিস্তৃত ব্রাক-এর কর্ণধার আবেদের মরদেহ রবিবার সকালে ঢাকার আর্মি স্টেডিয়ামে সকলের শ্রদ্ধা নিবেদনের জন্য শায়িত থাকবে।