আমেরিকা এবং ইজ়রায়েল একযোগে তেহরানে হামলার পরই এ বার ইজ়রায়েলের রাজধানী তেল আভিভে পাল্টা হামলা চালাল ইরান। ইরান রিভোলিউশনারি গার্ড-এর তরফেও দাবি করা হয়েছে, ইজ়রায়েলকে জবাব দেওয়া হচ্ছে। তেল আভিভে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। তবে তারা হুঁশিয়ারি দিয়েছে, ইজ়রায়েল যদি হামলা বন্ধ না করে, তা হলে আরও জোরালো আক্রমণের রাস্তায় হাঁটবে তারা।
ইরানের অভ্যন্তরীণ মন্ত্রী তেহরানে হামলার নিন্দা করে বলেছেন, যখন আলোচনার রাস্তা প্রশস্ত হচ্ছে, সেই সময় আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে এই হামলা চালানো হয়েছে। যার সমুচিত জবাব দিতে প্রস্তুত তেহরান। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, আমেরিকা এবং ইজ়রায়েলের সেনা অভিযানের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়ানো হবে। তার পরই ইজ়রায়েলের পাল্টা হামলার দাবি করে তেহরান।
আরও পড়ুন:
অন্য দিকে, ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীও ইজ়রায়েলের হামলা নিয়ে হুঁশিয়ারি দিয়েছে। আমেরিকা এবং ইজ়রায়েলকে চ্যালেঞ্জ ছুড়ে তাঁদের সতর্কবার্তা, লোহিত সাগরেও হামলার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। শনিবার রাতেই হামলা শুরু করতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গাজ়া ভূখণ্ডে ইজ়রায়েলি হামলা শুরুর পরে ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হুথি ২০২৪ সালের নভেম্বর থেকেই ইয়েমেন উপকূল থেকে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় লোহিত সাগরগামী বাণিজ্যিক জাহাজগুলির উপর। পাশাপাশি, ইজ়রায়েল ভূখণ্ড নিশানা করেও ক্ষেপণাস্ত্র ছোড়ে তারা। ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতার পর লোহিত সাগরে হুথিরা হামলা চালানো বন্ধ রেখেছিল। ইজ়রায়েলেও হামলা চালানো সাময়িক ভাবে স্থগিত রেখেছিল তারা। কিন্তু শনিবার থেকে পরিস্থিতি উত্তপ্ত হতেই ইরানের পাশে দাঁড়িয়ে ফের হামলার হুঁশিয়ারি দিল হুথি।