Advertisement
E-Paper

দ্বিতীয় দফার বৈঠক ব্যর্থ হলে যুদ্ধবিরতির সময়সীমা না-ও বৃদ্ধি করতে পারেন! পরবর্তী পদক্ষেপ কী, জানালেন ট্রাম্প

শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, ‘‘আমাদের কাছে কয়েকটি ভাল খবর আছে। আশা করি পশ্চিম এশিয়ায় ইরান সম্পর্কে সেই খবর আরও ভাল হবে আসন্ন সময়ে।’’

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১১:৫৩
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল চিত্র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল চিত্র।

পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কিন্তু ইরানের সঙ্গে সেই বৈঠক যদি ব্যর্থ হয়, তা হলে পরবর্তী পদক্ষেপ কী হবে তা জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দু’সপ্তাহের যুদ্ধবিরতির সময়সীমা শেষ হচ্ছে আগামী বুধবার। কিন্তু তার আগেই ইরানকে সতর্ক করে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প।

শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, ‘‘আমাদের কাছে কয়েকটি ভাল খবর আছে। আশা করি পশ্চিম এশিয়ায় ইরান সম্পর্কে সেই খবর আরও ভাল হবে আসন্ন সময়ে। আশা করি আপনারাও শুনেছেন। এখন কী ঘটে সেটাই দেখার।’’ ট্রাম্প এক দিকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হলে হোয়াইট হাউসে ‘পার্টি’ দেওয়ার কথা বলছেন, আর একইসঙ্গে তিনি হুঁশিয়ারিও দিচ্ছেন, সময়ের মধ্যে সমঝোতা না হলে, তা হলে আবার বোমাবর্ষণ শুরু করা হবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘জানি না, আগামী সপ্তাহে সমঝোতা হবে কি না। তবে যুদ্ধবিরতির সময়সীমা না বাড়ানোর মুডেও থাকতে পারি। ফলে আবার অবরোধ করার কাজ শুরু হবে। সঙ্গে চলবে বোমাবর্ষণও।’’ একইসঙ্গে ট্রাম্প আশা প্রকাশ করেছেন, সমঝোতা হচ্ছেই। শুধু তা-ই নয়, হরমুজ় প্রণালীকে অবরুদ্ধ অথবা কর আদায়ে ইরানের যে পরিকল্পনা, সেটাকেও ফুৎকারে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রসঙ্গত, এর আগেও ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, হরমুজ় প্রণালী খুলে দেওয়া হয়েছে। কিন্তু ট্রুথ সোশ্যালে সেই পোস্ট করার কয়েক মিনিটের মধ্যে আবার সুর বদলে তিনি বলেন, ‘‘যত ক্ষণ না ইরানের সঙ্গে ১০০ শতাংশ সমঝোতা হচ্ছে, হরমুজ় প্রণালীকে আমেরিকাও অবরুদ্ধ করে রাখবে।’’

Advertisement

প্রসঙ্গত, ২১ এপ্রিল দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। ওই দিন আমেরিকা এবং ইরানের মধ্যে চূড়ান্ত কোনও সমঝোতা না হলে, পরিস্থিতি যে আরও ভয়ানক হতে পারে, শুক্রবার তার ইঙ্গিত দিয়ে রাখলেন মার্কিন প্রেসিডেন্ট।

Donald Trump
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy