ভারতীয় বংশোদ্ভূত এক যুবতীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কানাডার ব্রাম্পটনে। তদন্তে পুলিশ জানতে পেরেছে ওই যুবতীকে খুন করা হয়েছে। আর এই খুনের নেপথ্যে রয়েছেন এক ভারতীয় যুবক! তবে ঘটনার পর থেকেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশের অনুমান, কানাডা ছেড়ে ভারত পালিয়ে এসেছেন ওই যুবক।
ঘটনাটি ঘটে গত ২১ অক্টোবর। লিংকনের স্থানীয় একটি পার্ক থেকে অমনপ্রীত সাইনি নামে ওই যুবতীর দেহ উদ্ধার হয়। তাঁর শরীরের নানা জায়গায় আঘাতের চিহ্ন ছিল। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে মনপ্রীত সিংহ নামে এক যুবকই খুন করেছেন তাঁকে। হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক মনপ্রীত।
নায়াগ্রা আঞ্চলিক পুলিশ সার্ভিস বিবৃতি দিয়ে জানায়, অমনপ্রীতের দেহ উদ্ধারের পর পরই মনপ্রীত কানাডা ছেড়ে পালিয়েছেন। সম্ভবত তিনি ভারতে পালিয়ে আসতে পারেন। কারণ, তাঁর বাড়ি পঞ্জাবে। অভিযুক্তের ছবিও প্রকাশ করা হয়েছে। তাঁর সম্পর্কে কোনও খোঁজ থাকলে, তা জানাতে বলেছে পুলিশ।
আরও পড়ুন:
সূত্রের খবর, পঞ্জাবের সাংরুর জেলার বাসিন্দা মনপ্রীত। তবে কয়েক বছর ধরে কর্মসূত্রে টরেন্টোয় বাস করছিলেন তিনি। কানাডার নিরাপত্তা বাহিনী মনপ্রীতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তিনি ভারতে রয়েছেন কি না, সে বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে। ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে তারা। তবে এখনও পর্যন্ত মনপ্রীতের কোনও খবর পাওয়া যায়নি।