Advertisement
E-Paper

যুদ্ধ বন্ধ এবং হরমুজ় খুলতে চেয়ে আমেরিকাকে তিন দফা প্রস্তাব দিয়েছে ইরান, দাবি রিপোর্টে, কী কী রয়েছে তাতে?

সম্প্রতি আমেরিকা এবং ইরানের মধ্যে দ্বিতীয় পর্বের শান্তি আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে জটিলতা তৈরি হওয়ায় মার্কিন প্রতিনিধিদলের ইসলামাবাদ সফর বাতিল করে দেন ট্রাম্প।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১১:০৬
(বাঁ দিকে) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)।

(বাঁ দিকে) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। —ফাইল চিত্র।

যুদ্ধে ইতি টানতে আমেরিকাকে তিন দফা প্রস্তাব দিয়েছে ইরান। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন আধিকারিক এবং দু’টি সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’। তাদের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের এই প্রস্তাব ওয়াশিংটনের কাছে পাঠিয়েছে দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করা পাকিস্তান।

‘অ্যাক্সিওস’-এর প্রতিবেদন অনুসারে, যুদ্ধ বন্ধ করা এবং হরমুজ় প্রণালীর অবরোধ তুলে নেওয়ার কথা জানিয়েছে তেহরান। যদিও আমেরিকার সঙ্গে এখনই পরমাণু সংক্রান্ত কথাবার্তা বলতে চাইছে না তারা। সব কিছু স্বাভাবিক ভাবে চললে পরে এই বিষয়ে বোঝাপড়া করার ইঙ্গিত দিয়েছে ইরান।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান আমেরিকাকে জানিয়েছে, ১) তারা হরমুজ়ে পণ্যবাহী জাহাজ চলাচল আবার স্বাভাবিক করতে চায়। কিন্তু পরমাণু সংক্রান্ত আলোচনা এখনই শুরু করতে চায় না। ২) নতুন চুক্তিতে যুদ্ধবিরতির মেয়াদবৃদ্ধি কিংবা পাকাপাকি ভাবে সংঘাতে ইতি টানার প্রস্তাব দিয়েছে ইরান। ৩) হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক হলে এবং ওই প্রণালীতে আমেরিকা অবরোধ তুলে নিলে পরমাণু সংক্রান্ত বোঝাপড়া শুরু করতে চাইছে তেহরান।

Advertisement

সূত্রের দাবি, ইতিমধ্যেই ইরানের এই প্রস্তাব পৌঁছেছে আমেরিকার কাছে। তবে ইরানের প্রস্তাব মোতাবেক ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নতুন চুক্তিতে রাজি হবে কি না, তা স্পষ্ট নয়। হোয়াইট হাউসের অন্যতম মুখপাত্র অলিভিয়া ওয়েলস ‘অ্যাক্সিওস’-কে জানিয়েছেন, তাঁরা ‘সংবেদনশীল কূটনৈতিক’ বিষয় নিয়ে সংবাদমাধ্যমের সামনে আলোচনা করবেন না। হোয়াইট হাউসের তরফে এ-ও স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, আমেরিকার মানুষকে অগ্রাধিকার দিয়ে নতুন চুক্তি করতে রাজি ট্রাম্প প্রশাসন। তবে সে ক্ষেত্রে ইরানকে পরমাণু অস্ত্রধর হতে দেবে না আমেরিকা।

সম্প্রতি আমেরিকা এবং ইরানের মধ্যে দ্বিতীয় পর্বের শান্তি আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে সেই সম্ভাবনা ঘিরেও জটিলতা সৃষ্টি হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদলের ইসলামাবাদ সফর বাতিলের কথা ঘোষণা করে দেন ট্রাম্প। সমাজমাধ্যম এক পোস্টে ট্রাম্প লেখেন ‘‘যাতায়াতে অনেক সময় নষ্ট হয়। আমাদের অন্য কাজ রয়েছে।’’

সংক্ষেপে
  • ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
  • আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
  • শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
US Iran
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy