ইরাকে আবদুল্লাহ মাক্কি মুসলিহ আল-রুফায়ি ওরফে আবু খাদিজা, নাইজ়িরিয়ায় আবু-বিলাল আল-মিনুকির পরে এ বার সিরিয়ায় আলি হুসেন আল-উলাইউই। মার্কিন সেনার হামলায় নিহত হলেন সন্ত্রাসবাদী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আরও এক প্রথম সারির নেতা।
পশ্চিম এশিয়ার দায়িত্বপ্রাপ্ত মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৯ জুন উত্তর-পশ্চিম সিরিয়ায় বিমান হামলা চালানো হয়। তুরস্ক সীমান্তের কাছে দেইর হাসান গ্রামের অদূরে বিমানহানায় আল-উলাইউই নিহত হন। নিহত আইএস কমান্ডার একটি মোটরবাইকে সওয়ার ছিলেন বলে স্থানীয় সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে দাবি। আল-উলাইউইর মৃত্যুর ফলে গৃহযুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় আইএস-এর পুনরুত্থানের প্রচেষ্টা বড় আঘাত পাবে বলেই মনে করছেন সামরিক পর্যবেক্ষকদের একাংশ।
সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বৃহস্পতিবার ইজ়রায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টকে বলেন, ‘‘আমেরিকা তার প্রভাবধীন অঞ্চল এবং বন্ধুদের রক্ষা করছে বদ্ধপরিকর। পশ্চিম এশিয়ার কিছু অংশে এখনও আইএস সন্ত্রাসবাদীরা সক্রিয়। কিন্তু আমরা তাদের নির্মূল করব।’’ প্রসঙ্গত, গত মাসে মার্কিন বাহিনী এবং নাইজ়িরিয়া সেনার যৌথ অপারেশনে সে দেশে নিহত হয়েছিলেন আইএস-এর তীয় সর্বোচ্চ নেতা আবু-বিলাল আল-মিনুকি। তার আগে ইরাকে গত বছর পেন্টাগনের নেতৃত্বে যৌথ অভিযানে নিহত হয়েছিলেন আইএস নেতা আবদুল্লাহ মাক্কি মুসলিহ আল-রুফায়ি ওরফে আবু খাদিজা।