আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ চতুর্থ দিনে পড়ল। রাতভর দু’দেশের সীমান্তে গুলির লড়াই চলেছে দু’পক্ষের। তার মধ্যে রবিবার ভোরে আফগানিস্তানের রাজধানী কাবুল এবং কন্দহরে পর পর বেশ কয়েকটি জোরালো বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের দাবি।
শুক্র এবং শনিবার আফগানিস্তানের বেশ কয়েকটি সেনাচৌকিতে পাকিস্তান হামলা চালায় বলে দাবি সে দেশের সেনার। পাল্টা জবাব দিচ্ছে আফগান সেনারাও। দু’দেশের এই সংঘর্ষের মধ্যে রবিবার ভোর থেকে আবার নতুন করে বোমাবর্ষণ শুরু হয়েছে আফগানিস্তানে। তবে তালিবান সরকারের মুখপাত্র জ়বিউল্লা মুজাহিদ এক্স হ্যান্ডলে দাবি করেছেন, পাকিস্তান লাগাতার বোমাবর্ষণের চেষ্টা করছে। তাদের আরও একটি যুদ্ধবিমানকে গুলি করে নামানো হয়েছে। দু’দিন আগেও একটি যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছিল আফগান সেনারা। সেই ছবি পোস্ট করে দাবি করেছিল, পাক যুদ্ধবিমান এফ ১৬-কে গুলি করে নামানো হয়েছে।
বৃহস্পতিবার থেকে দু’দেশের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। তার পর থেকে টানা চার দিন হয়ে গেল সেই সংঘর্ষ জারি। আফগানিস্তানের বিরুদ্ধে গজ়ব লিল-হক অভিযানে নেমেছে পাকিস্তান। রাজধানী কাবুল-সহ আফাগনিস্তানের বেশ কয়েকটি শহরে হামলা চালানো হয়েছে বলে পাকিস্তানের তরফে দাবি করা হয়। তবে সংঘর্ষের শুরুতেই পাকিস্তান দাবি করেছিল, তাঁরা সে দেশের জঙ্গিঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। কিন্তু আফগানিস্তান পাল্টা দাবি করে, জনবসতি এলাকায় হামলা চালাচ্ছে পাক সেনা। সেইসঙ্গে হুঁশিয়ারিও দেয়, পাকিস্তান যদি হামলা বন্ধ না করে, তা হলে আফগানিস্তানও চুপ করে বসে থাকবে না। নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় যদি পুরো শক্তি কাজে লাগাতে হয়, তা-ও করবে। পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ তার পরই ‘খোলাখুলি’ যুদ্ধ ঘোষণা করেন আফগানিস্তানের বিরুদ্ধে। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘‘আমাদের ধৈর্যের বাঁধ বেঙে গিয়েছে। ওদের (আফগানিস্তান) বিরুদ্ধে এ বার সরাসরি যুদ্ধে নামলাম।’’
প্রসঙ্গত, পাকিস্তান বরাবরই অভিযোগ তুলে আসছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) জঙ্গিগোষ্ঠীকে মদত দিচ্ছে আফগানিস্তান। এ-ও দাবি করেন, পাকিস্তানে নানা হামলার নেপথ্যে রয়েছে টিটিপি। তা-ই টিটিপি-কে মদত না জোগাতে বার বার সতর্ক করা হয়েছে আফগানিস্তানকে। এর পরই পাক প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দেন, এই ধরনের কাজ বরদাস্ত করা হবে না। সীমান্তে মাঝেমধ্যেই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে থাকে। এ বার আফগানিস্তানের বিরুদ্ধে খোলাখুলি যুদ্ধে নেমেছে পাকিস্তান।