বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সেই সঙ্গে নির্বাচনে সুষ্ঠু ভাবে যোগদানের জন্য জামাত এবং এনসিপি-কেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। বাংলাদেশের ভোটে মূল লড়াই ছিল এই তিন দলেরই। তাদের নেতৃত্বের উদ্দেশে শনিবার ইউনূস পৃথক তিনটি বিবৃতি দিয়েছেন।
তারেককে অভিনন্দনবার্তায় প্রধান উপদেষ্টা লিখেছেন, ‘‘আমি বিশ্বাস করি, প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনকল্যাণমুখী চেতনার আলোকে আপনি দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক, উন্নয়নমুখী পথে এগিয়ে নিয়ে যাবেন। পিতা জিয়াউর রহমানের আদর্শ এবং মাতা খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব আপনার আগামী দিনের চলার পথকে আলোকিত করবে।’’ বর্তমান বিশ্ব পরিস্থিতির কথাও তারেককে স্মরণ করিয়ে দিয়েছেন ইউনূস। জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তির অগ্রগতি এবং কূটনীতিতে প্রজ্ঞা অপরিহার্য। তারেকের নেতৃত্বে বাংলাদেশের জাতীয় ঐক্য, আইনশৃঙ্খলা সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সহযোগিতার জন্যেও তারেককে ধন্যবাদ জানিয়েছেন ইউনূস।
আরও পড়ুন:
জামাতের প্রধান শফিকুর রহমানের উদ্দেশে বিবৃতিতে ইউনূস বলেছেন, ‘‘নির্বাচনের প্রচারপর্ব থেকে শুরু করে ফলাফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত আপনার রাজনৈতিক শিষ্টাচার, সংযম, দায়িত্বশীল বক্তব্য এবং কর্মীদের প্রতি শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের সামগ্রিক পরিস্থিতিকে স্থিতিশীল রাখতে সাহায্য করেছে। অন্তর্বর্তী সরকারের আমলে আপনার দলের গঠনমূলক সমর্থন, পরামর্শ ও সহযোগিতার জন্য ধন্যবাদ।’’ জামাত বাংলাদেশের বিরোধী শক্তি হিসাবে দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
জামাতের সঙ্গে আসন সমঝোতা করে ভোটে লড়েছিল নাহিদ ইসলামের দল এনসিপি। ৩০টি আসনে প্রার্থী দিয়ে তারা ছ’টিতে জিতেছে। ২০২৪ সালে বাংলাদেশে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যে প্রবল গণঅভ্যুত্থান গড়ে উঠেছিল, তার প্রেক্ষাপটেই গ়়ড়ে উঠেছে এই দল। নবীন দল হিসাবে এনসিপির অর্জনকে ‘অসাধারণ’ বলে উল্লেখ করেছেন ইউনূস। পৃথক বিবৃতিতে নাহিদের উদ্দেশে লিখেছেন, ‘‘আপনার নেতৃত্বে এনসিপি যে দৃঢ়তায় নির্বাচনে লড়েছে, তা বাংলাদেশের ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। এই সাফল্য কেবল নির্বাচনী পরিসংখ্যানের বিষয় নয়। এটা তরুণ প্রজন্মের আত্মপ্রত্যয়, স্বপ্নের শক্তিশালী প্রকাশ।’’ নাহিদের নেতৃত্ব ২০২৪ সালের উত্তাল দিনে আন্দোলনকে সুশৃঙ্খল করে তুলেছিল বলে মনে করেন ইউনূস। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রূপে কিছু দিন নাহিদের সঙ্গে কাজ করার কথাও আলাদা করে বিবৃতি তিনি স্মরণ করেছেন। তাঁর মতে, ‘‘অল্প সময়ে আপনার দলের এই সাফল্য প্রমাণ করে, বাংলাদেশের তরুণ সমাজ নীতিনিষ্ঠ, আদর্শভিত্তিক রাজনীতির প্রতি আস্থা রাখতে প্রস্তুত। এই আস্থা রক্ষা করা আপনাদের বড় দায়িত্ব।’’ উল্লেখ্য, হাসিনার দল আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ। ফলে তারা এই ভোটে লড়তে পারেনি।