E-Paper

এপস্টিন ফাইলে চমস্কি, যোগাযোগ স্বীকার স্ত্রীর

২০১৯ সালে ভার্জিনিয়া জেফ্রি নামে এক মহিলা এপস্টিনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তোলেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩০
নোম চমস্কি।

নোম চমস্কি।

এপস্টিন ফাইলে আমেরিকার চিন্তাবিদ নোম চমস্কির নাম ওঠায় বিশিষ্টজনেরা ক্ষুব্ধ, বিপর্যস্ত, হতবাক। ৯৭ বছর বয়সি চমস্কি এখন অসুস্থ ও শয্যাশায়ী। তাঁর হয়ে মুখ খুলেছেন স্ত্রী ভ্যালেরিয়া। আজ এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, জেফ্রি এপস্টিনের সঙ্গে তাঁদের দু’জনেরই যোগাযোগ ছিল। তবে শুরুর দিকে তাঁরা এপস্টিনের যৌন অপরাধের ব্যাপারে কিছু জানতেন না। জানতে পারেন ২০১৯ সালে তিনি দ্বিতীয় বার জেলে যাওয়া এবং সংবাদমাধ্যমে সেই সংক্রান্ত খবর প্রকাশিত হওয়ার পরে। ফলে গোটা পরিচয়পর্ব নিয়ে তাঁরা অনুতপ্ত। ভ্যালেরিয়ার দাবি, তাঁদের সঙ্গে এপস্টিনের সাক্ষাৎকালে যৌন অপরাধের কোনও ইঙ্গিত ছিল না।

২০১৯ সালে ভার্জিনিয়া জেফ্রি নামে এক মহিলা এপস্টিনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তোলেন। তা নিয়ে সংবাদমাধ্যমে শোরগোল পড়ে যায়। এপস্টিন ফাইল অনুযায়ী, সেই সময়ে এপস্টিন চমস্কির পরামর্শ চেয়েছিলেন। চমস্কি তখন বলেছিলেন, ‘শকুনেরা’ একটা বিবৃতি চায়। সেটা পেলেই শুরু করবে আক্রমণ। ফলে মুখ বন্ধ রাখাই শ্রেয়। দু’পক্ষের যোগাযোগের কোনও এক সময়ে চমস্কির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২.৭০ লক্ষ ডলার ঢোকার কথাও প্রকাশ্যে আসে। এই সমস্ত ঘটনাকে এক সুতোয় জোড়ার চেষ্টা চলছে।

ভ্যালেরিয়া জানিয়েছেন, তাঁদের দু’জনের সঙ্গেই এপস্টিনের যোগাযোগ ছিল। যার শুরু ২০১৫ সালে একটি পেশাদারি কর্মসূচিতে। তখন ২০০৮-এ এপস্টিনের অপরাধের ব্যাপারে তাঁদের কিছু জানা ছিল না। এপস্টিন তাঁদের সঙ্গে কথাও বলতেন চমস্কির পছন্দের বিষয় নিয়ে। এই ভাবেই তিনি বিশ্বাস অর্জন করেন। একাধিক জায়গায় এপস্টিনের আতিথেয়তায় থেকেছেন চমস্কি দম্পতি। তাই বলে কোনও অপরাধে তাঁরা সঙ্গ দেননি বলে দাবি করেছেন ভ্যালেরিয়া।

সংবাদমাধ্যম সামলানোর বিষয়ে এপস্টিনকে চমস্কির ই-মেলের ব্যাপারে ভ্যালেরিয়ার বক্তব্য, ‘‘এটি প্রেক্ষাপট অনুযায়ী দেখতে হবে। এপস্টিন নোমকে বলেছিলেন তাঁকে অন্যায় ভাবে হয়রান করা হচ্ছে। নোম সংবাদমাধ্যমের সঙ্গে নিজের অভিজ্ঞতা থেকেই পরামর্শ দেন। সেই সময়ে এপস্টিন নিজের মতো করে একটি গল্প ফেঁদেছিলেন। যা বিশ্বাস করেছিলেন নোম। এখন এটা স্পষ্ট যে, নোমের মতো এক জনকে ব্যবহার করে নিজের ভাবমূর্তি উদ্ধার করাই ছিল এপস্টিনের উদ্দেশ্য।’’ ভ্যালেরিয়া আরও জানান, ২.৭০ লক্ষ ডলার নোমের নিজের। অবসরকালীন আর্থিক সুবিধা পেতে নোম কিছু সমস্যায় পড়েছিলেন। এপস্টিন তার সমাধান করেন দেন।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Noam Chomsky new york

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy