জোর করে এক ব্যক্তির জমি দখল করার অভিযোগ উঠেছে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ তারক সিংহ ও তাঁর ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে বেহালা থানায় দায়ের করা ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণা, অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে। প্রসঙ্গত, তারক কলকাতা পুরসভার ১১৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপ্রতিনিধি। তাঁর ছেলে অমিত সিংহ ১১৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপ্রতিনিধি। যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন তারক।
পুলিশ সূত্রের খবর, মিত্র ব্রিক ফিল্ড রোডের ঠিকানায় অভিযোগকারীর একটি জমি আছে। অভিযোগ, তারক ও অমিত দীর্ঘদিন ধরে সেই জমি দখল করে রেখেছেন। পুলিশকে অভিযোগকারী জানিয়েছেন, তিনি প্রাক্তন পুরপ্রতিনিধিকে জমি ফিরিয়ে দেওয়ার কথা বলায় তারক প্রথমে ১০ লক্ষ টাকা দাবি করেন। অভিযোগ, এর পরে ওই ব্যক্তিকে চড় ও লাথি মারেন তারক। এমনকি, বন্দুক দেখিয়ে তাঁকে ভয় দেখানোও হয়।
এই অভিযোগ নস্যাৎ করে তারক শুক্রবার বলেন, ‘‘অভিযোগকারীকে আমি চিনিই না। কাউকে চড়, লাথি মারিনি। বন্দুক দেখিয়ে ভয় দেখানো হয়েছে, এই অভিযোগও সম্পূর্ণ মিথ্যা।’’
প্রসঙ্গত, অতীতেও তারকের বিরুদ্ধে জমি দখলের একাধিক অভিযোগ উঠেছে। শুধু তা-ই নয়, হাসপাতাল খুলে বেআইনি পথে রোগী ভর্তি ও বিমার টাকা আদায়ের জন্য রোগী সাজিয়ে লোকজনকে ভর্তি করারও অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। এমনকি, সমস্ত বিধি উড়িয়ে তারকের প্রভাবে শহরের কিছু জায়গায় খাটাল চালানোর অভিযোগও সামনে এসেছিল। যদিও সেই সময়ে পুলিশ-প্রশাসনের তরফে কোনও পদক্ষেপই করা হয়নি বলে অভিযোগ।
তবে, যাবতীয় অভিযোগ অস্বীকার করে তারক বলেন, ‘‘আমার কোনও হাসপাতাল নেই। কোথাও খাটাল চালানোর সঙ্গেও আমি জড়িত নই।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)