Advertisement
E-Paper

গাজ়ায় ফের ইজ়রায়েলি হামলা, শরণার্থী শিবিরও নিশানায়, নিহত শিশু-সংবাদকর্মী-সহ ৯

২০২৩ সালের অক্টোবরে ইজ়রায়েল-হামাস সংঘাত শুরু হওয়ার পর একাধিক বার যুদ্ধবিরতি কার্যকর হলেও তা স্থায়ী হয়নি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ১৫:৩৪
গাজ়ায় শনিবার ইজ়রায়েল বাহিনীর হামলার পর উদ্ধার করা হচ্ছে দেহ।

গাজ়ায় শনিবার ইজ়রায়েল বাহিনীর হামলার পর উদ্ধার করা হচ্ছে দেহ। ছবি: রয়টার্স।

গাজ়া ভূখণ্ডে ফের হামলা চালাল ইজ়রায়েলি বাহিনী। শনিবার চারটি পৃথক হামলায় নিহত হয়েছেন অন্তত ৯ জন। মৃতদের মধ্যে মহিলা এবং এক সংবাদকর্মীও রয়েছেন। রয়েছে শিশুও। মধ্য গাজ়ায় প্যালেস্টাইনিদের এক শরণার্থী শিবিরেও ইজ়রায়েলি বাহিনী হামলা চালিয়েছে। ২০২৩ সালের অক্টোবরে ইজ়রায়েল-হামাস সংঘাত শুরু হওয়ার পর একাধিক বার যুদ্ধবিরতি কার্যকর হলেও তা স্থায়ী হয়নি। রয়টার্স জানাচ্ছে, তার পর থেকে এখনও পর্যন্ত গাজ়ায় ১০০০-এরও বেশি প্যালেস্টাইনি এবং চার জন ইজ়রায়েলি সেনাকর্মী নিহত হয়েছেন। যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে দু’পক্ষই একে অন্যের উপর দোষ চাপিয়ে যাচ্ছে।

গাজ়া শহরের একটি আবাসনে শনিবার আকাশপথে হামলা চালায় ইজ়রায়েলি বাহিনী। শহরের সাবরা এলাকায় বোমারু বিমানের ওই হামলায় ধ্বংস হয়ে গিয়েছে আবাসনটি। গাজ়ার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছেন, হামলায় দুই মহিলা এবং চার জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন। নিহতের তালিকায় রয়েছে শিশুও। জখম হয়েছেন আরও বেশ কয়েক জন। গাজ়া শহর থেকে আরও উত্তরে বেইত লাহিয়া শহরেও শনিবার হামলা চালায় ইজ়রায়েলি বাহিনী। সেখানে আইডিএফ গুলি করে এক মহিলাকে হত্যা করেছে বলে অভিযোগ। গাজ়ার দক্ষিণ প্রান্তে খান ইউনিস শহরেও ইজ়রায়েলি বিমান হানায় এক জন নিহত হয়েছেন। জখম হয়েছেন আরও আট জন।

শনিবার মধ্য গাজ়ার বুরেইজ় শরণার্থী শিবিরের একটি বাড়িতেও বিমান হানা চালায় ইজ়রায়েলি বাহিনী। ওই হামলায় এক সংবাদকর্মী-সহ তিন জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য কর্তৃপক্ষ। রয়টার্স জানাচ্ছে, ২০২৩ সালের অক্টোবরে গাজ়ায় সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এই ধরনের হামলায় প্রায় ৩০০ প্যালেস্টাইনি সাংবাদিক নিহত হয়েছেন।

শনিবারের হামলায় নিহত আহমেদ উইশা ‘আল জাজ়িরা’র চিত্রসাংবাদিক হিসাবে কর্মরত ছিলেন। ইজ়রায়েলি বাহিনী এখন বিবৃতিতে দাবি করেছে, তারা হামাসের এক জঙ্গিকে হত্যা করেছে। ওই জঙ্গি চিত্রসাংবাদিক হিসাবে কাজ করতেন বলে জানিয়েছে আইডিএফ। তবে আহমেদের বিরুদ্ধে অভিযোগের পক্ষে কোনও প্রমাণ দেয়নি ইজ়রায়েলি বাহিনী। বিবৃতিতে তারা জানিয়েছে, উইশা একজন ‘স্নাইপার’ হিসাবে কাজ করতেন। হামাস গোষ্ঠীর আরও দুই সদস্যের সঙ্গে তাঁকে হত্যা করা হয়েছে বলে দাবি আইডিএফ-এর।

Gaza Strip Israel Hamas Conflict
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy