দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
বাংলাদেশে নতুন সরকার বেছে নেওয়ার পর্ব শুরু হয়েছে। চলছে নির্বাচন। আজ সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। চলবে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত। এ বারে একই সঙ্গে দু’টি করে ভোট দেবেন বাংলাদেশের ভোটারেরা। একটি প্রার্থী বাছাইয়ের ভোট। অন্যটি সে দেশে প্রস্তাবিত সংস্কার সংক্রান্ত বিষয়ে ভোটারের মতামত। এ বারের নির্বাচন মূলত দ্বিমুখী। এক দিকে, বিএনপি-র জোট এবং অন্য দিকে, জামায়াতের জোট। শেখ হাসিনার সরকারের পতনের প্রায় দেড় বছর পরে এই নির্বাচন হচ্ছে। বাংলাদেশে অর্ধেকেরও বেশি ভোটকেন্দ্রকে ‘স্পর্শকাতর’ বলে চিহ্নিত করা হয়েছে। প্রায় ৯০ শতাংশ ভোটকেন্দ্রে থাকছে সিসি ক্যামেরার নজরদারি। বডিক্যাম পরে মোতায়েন থাকছেন পুলিশকর্মীরাও। বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত যাবতীয় খবরে নজর থাকবে আজ।
ভারত-মার্কিন বাণিজ্য-সমঝোতা নিয়ে লোকসভায় আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে নিশানা করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। অন্য দিকে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জবাবি ভাষণে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে আক্রমণ করে বলেন, ‘‘বাংলায় শুধু বোমা চলে। আইন চলে না।’’ এই প্রেক্ষাপটে আজ লোকসভা ও রাজ্যসভায় কংগ্রেস ও তৃণমূলের সংসদেরা কী করেন, তার দিকে নজর থাকবে। নজর থাকবে বিজেপি সাংসদদের পদক্ষেপের দিকেও।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ভারত। বিপক্ষে নামিবিয়া। এই ম্যাচে খেলার সম্ভাবনা সঞ্জু স্যামসনের। কারণ, পেটের গোলমালের জন্য এই ম্যাচে অনিশ্চিত অভিষেক শর্মা। প্রথম ম্যাচে আমেরিকার বিরুদ্ধে সমস্যায় পড়েছিলেন ভারতীয় ব্যাটারেরা। দলকে উদ্ধার করেন অধিনায়ক সূর্যকুমার যাদব। রবিবার পাকিস্তান ম্যাচের আগে কি রান পাবেন ঈশান কিশন-তিলক বর্মারা? খেলা শুরু সন্ধ্যা ৭টা থেকে। তার আগে সকাল ১১টা থেকে রয়েছে শ্রীলঙ্কা বনাম ওমান ম্যাচ। বিকেল ৩টে থেকে রয়েছে নেপাল বনাম ইটালি খেলা। তিনটি ম্যাচই দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টার। এ বছর প্রথম উচ্চ মাধ্যমিকে একই সঙ্গে তিন ধরনের পরীক্ষা হতে চলেছে। চতুর্থ সেমেস্টারের পাশাপাশি, তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি এবং পুরনো বার্ষিক পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক। প্রতিটি কেন্দ্রে মোবাইল ডিটেক্টর দিয়ে দেহ তল্লাশির ব্যবস্থা থাকছে। পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের কাছে মোবাইল ফোন বা কোনও বৈদ্যুতিন সরঞ্জাম পাওয়া গেলে তার এনরোলমেন্ট বাতিল করা হবে। পরীক্ষার্থীদের সকাল ৯টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে আসতে বলা হয়েছে।
দেশব্যাপী শিল্প ধর্মঘট হচ্ছে একগুচ্ছ শ্রমিক সংগঠনের ডাকে। সেই ধর্মঘট সফল করতে পশ্চিমবঙ্গে সক্রিয় হতে পারে বামপন্থী শ্রমিক সংগঠনগুলি। ২৪ ঘণ্টার সর্বভারতীয় ধর্মঘটের প্রেক্ষিতে আজ রাজ্যের সমস্ত সরকারি দফতর খোলা রাখার নির্দেশ জারি করেছে অর্থ দফতর। বুধবার নবান্ন থেকে জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের নানা নীতির বিরুদ্ধে এই ধর্মঘট ডাকা হয়েছে।