দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আমেরিকা এবং ইরানের মধ্যে বৃহস্পতিবার ফের এক দফা বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যেই দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। কেউই কাউকে আক্রমণ করেনি। তবে হুঁশিয়ারি এবং পাল্টা হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে উভয় পক্ষই। গত দু’দিন ধরে ইরানে ফের আয়াতোল্লা আলি খামেনেই-বিরোধী বিক্ষোভও মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। উদ্ভূত পরিস্থিতিতে সতর্কতা জারি করেছে তেহরানের ভারতীয় দূতাবাস। সে দেশে থাকা ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিক্ষোভ বা কোনও সমাবেশ এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে ভারতীয় দূতাবাসের তরফে। পশ্চিম এশিয়ার এই দেশটিতে পরিস্থিতি কেমন থাকে, সে দিকে নজর থাকবে আজ।
‘আসল ম্যাচ’ আসতেই মুখ থুবড়ে পড়েছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে সূর্যকুমার যাদবের দল। স্পিনাররা একেবারেই ভাল বল করতে পারেননি। ডুবিয়েছেন ব্যাটারেরাও। দল নির্বাচন নিয়েও প্রশ্নের মুখে কোচ গৌতম গম্ভীর। পরশু ভারতের সামনে জ়িম্বাবোয়ে। এই ম্যাচের আগে কী ভাবে প্রস্তুতি নিচ্ছে ভারত? থাকছে সব খবর।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ সুপার এইট পর্বে মারকাটারি লড়াই। গ্রুপ ২-এর ম্যাচে মুখোমুখি পাকিস্তান এবং ইংল্যান্ড। এই ম্যাচে জিতলে ইংল্যান্ড প্রথম দল হিসাবে সেমিফাইনালে উঠে যাবে। পাকিস্তান হারলে তাদের তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকে। সুপার এইটে প্রথম ম্যাচে ইংল্যান্ড হারিয়েছে শ্রীলঙ্কাকে। পাকিস্তান ও নিউ জ়িল্যান্ডের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। আজকের খেলা সন্ধ্যা৭টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সিরিজ়ে হারানোর পর এ বার এক দিনের সিরিজ়ে মুখোমুখি ভারতের মেয়েরা। এক দিনের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম ৫০ ওভারের ক্রিকেটে খেলবেন হরমনপ্রীত কৌরেরা। আজ ভারত বনাম অস্ট্রেলিয়া তিন ম্যাচের এক দিনের সিরিজ়ের প্রথম ম্যাচ ম্যাচ সকাল ৯:২০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
আজ থেকে শুরু হচ্ছে রঞ্জি ট্রফির ফাইনাল। এ বার মুখোমুখি জম্মু ও কাশ্মীর এবং কর্নাটক। সেমিফাইনালে বাংলাকে হারিয়ে ফাইনালে উঠেছে জম্মু ও কাশ্মীর। এই প্রথম রঞ্জির ফাইনালে উঠেছে তারা। কর্নাটক সেমিফাইনালে হারিয়েছে উত্তরাখন্ডকে। কেএল রাহুলের দলের সামনে দীর্ঘ ১১ বছর পর ভারতসেরা হওয়ার হাতছানি। শেষ বার ২০১৪-১৫ সালে চ্যাম্পিয়ন হয়েছিল কর্নাটক। পাঁচ দিনের ফাইনাল ম্যাচ শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে। ভিজতে পারে দক্ষিণের অন্তত ন’টি জেলা। তার মধ্যে চার জেলায় আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে। তবে ভারী বৃষ্টি বা দুর্যোগের সম্ভাবনা আপাতত কোথাও নেই।
আজ উচ্চ মাধ্যমিকের নবম দিনের পরীক্ষা। দর্শনের পরীক্ষা রয়েছে আজ। পরীক্ষা শুরু সকাল ১০টা থেকে। এখনও পর্যন্ত গণিতের প্রশ্ন ভুল ও জীবন বিজ্ঞানের ক্ষেত্রে সিবিএসই থেকে প্রশ্ন করার অভিযোগ ছাড়া শান্তিপূর্ণই হচ্ছে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টার। তবে মোবাইল-সহ পরীক্ষা-হলে ধরা পড়েছে বেশ কয়েক জন ছাত্রছাত্রী।