যুদ্ধবিরতির শর্ত নিয় মুখোমুখি আলোচনায় বসতে চেয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশে খোলা চিঠি পাঠালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। বৃহস্পতিবার আবারও ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিন তাঁর কঠোর অবস্থান প্রকাশ করেছেন। ঘটনাচক্রে, তার পরেই জ়েলেনস্কির তরফে এসেছে আলোচনার প্রস্তাব।
পুতিনের দাবি, রুশ সেনারা যুদ্ধক্ষেত্রে প্রতিদিনই অগ্রগতি অর্জন করছে। তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে চাপ দিয়ে যুদ্ধবিরতি করা সম্ভব নয়। তবে সেই সঙ্গেই পুতিন বলেন, ‘‘কিভ যদি আপস করতে প্রস্তুত থাকে, তখনই শুধু ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনা কার্যকর হতে পারে।’’ রাশিয়ার বার্ষিক অর্থনৈতিক ফোরামের ফাঁকে বিভিন্ন কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে আলাপচারিতায় পুতিন জানান, কোনও চাপের মুখে মস্কো নতি স্বীকার করবে না।
আরও পড়ুন:
ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কি প্রেসিডেন্ট পুতিনের উদ্দেশে পাঠানো খোলা চিঠিতে লিখেছেন, যুদ্ধে ইতি টানতে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য সরাসরি আলোচনায় বসা প্রয়োজন। একই সঙ্গে তাঁর সতর্কবার্তা—‘‘যদি কোনো সমঝোতা না হয়, তবে কিভ যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত।’’ প্রসঙ্গত, কিছু দিন আগে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছিল, ট্রাম্পকে তিনটি শর্ত দিয়েছেন পুতিন। প্রথমত, তিনি চান ক্রাইমিয়ার পাশাপাশি ইউক্রেনের পূর্ব দিকে থাকা ডনবাস (একত্রে ডনেৎস্ক এবং লুহানস্ক এলাকা) এলাকা রাশিয়াকে ছেড়ে দিন জ়েলেনস্কি। দ্বিতীয়ত, আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটো-য় ইউক্রেন প্রবেশাধিকার পাক, এমনটাও চান না রুশ প্রেসিডেন্ট। পুতিনের তিন নম্বর শর্তটি হল, ইউক্রেনে যেন পশ্চিমের কোনও দেশের (ইউরোপ বা আমেরিকার) সেনা না-ঢোকে।