Advertisement
E-Paper

ইরানের কাছে আর পরমাণু অস্ত্র থাকবে না! দাবি ট্রাম্পের, চূড়ান্ত চুক্তির পর তেহরান পরোক্ষে পেতে পারে ৩০ হাজার কোটি ডলার সাহায্য

সব কিছু ঠিকঠাক ভাবে মিটলে ইরানের জন্য ৩০ হাজার কোটি টাকার একটি তহবিল গড়ার কথা ভাবছে আমেরিকা। এই তহবিল সরাসরি ইরানের সরকারকে দেওয়া হবে না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ০৮:১৫
ইরানের প্রেসিডেন্ট মাসুজ পেজ়েশকিয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের প্রেসিডেন্ট মাসুজ পেজ়েশকিয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। — ফাইল চিত্র।

ইরানের সঙ্গে চূড়ান্ত সইসাবুদ এখনও বাকি রয়েছে। তার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, ইরানের কাছে কোনও পরমাণু অস্ত্র থাকবে না। চূড়ান্ত চুক্তিতে কী কী বিষয় থাকছে, তা এখনও আনুষ্ঠানিক ভাবে প্রকাশ্যে আসেনি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানিয়েছেন, শুক্রবারের আগেই তা প্রকাশ করে দেবে আমেরিকা। আবার ইরানের সঙ্গে চূড়ান্ত সইসাবুদ মিটে গেলে তেহরানের জন্য ৩০ হাজার কোটি ডলারের একটি তহবিল গঠন করতে পারে ট্রাম্প প্রশাসন। ‘ফিনান্সিয়াল টাইম্‌স’-এর রিপোর্টে এমনটাই জানানো হয়েছে।

সোমবার জি৭ সম্মেলনের মাঝে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁকে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। সেখানে ইরানের সঙ্গে শান্তিসমঝোতা নিয়েও মন্তব্য করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ওদের (ইরানের) কাছে কোনও পরমাণু অস্ত্র থাকবে না। কারণ, ওদের কাছে ওটা থাকলে ওরা সেটা ব্যবহার করে ফেলত।” আগামী শুক্রবার থেকে হরমুজ় প্রণালী সম্পূর্ণ ভাবে খুলে দেওয়া হবে বলেও জানান তিনি।

ঘটনাপরম্পরা সম্পর্কে ওয়াকিবহাল সূত্রে ফিনান্সিয়াল টাইম্‌স জানাচ্ছে, সব কিছু ঠিকঠাক ভাবে মিটলে ইরানের জন্য ৩০ হাজার কোটি টাকার একটি তহবিল গড়ার কথা ভাবছে আমেরিকা। এই তহবিল সরাসরি ইরানের সরকারকে দেওয়া হবে না। ইরানে বিনিয়োগে আগ্রহী সংস্থাগুলির জন্য এই তহবিল তৈরি করার পরিকল্পনা চলছে। রিপোর্ট অনুযায়ী, সেই সংস্থাগুলিকেই এই তহবিল থেকে সাহায্য করা হবে যাদের আগ্রহ শুধু বিনিয়োগেই, ইরানের সরকার নিয়ে নয়।

আমেরিকা এবং ইরানের মধ্যে ইতিমধ্যে মউ স্বাক্ষরিত হয়েছে। তাতে সই রয়েছে ট্রাম্প, ভান্স এবং ইরানি পার্লামেন্টের স্পিকার মুহাম্মদ বাঘেই গালিবাফের। তবে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে আগামী শুক্রবার, সুইৎজ়ারল্যান্ডে। সেখানে মার্কিন প্রতিনিধিদলকে নেতৃত্ব দেবেন ভান্স। ইরানের সঙ্গে মউ স্বাক্ষরের পর এক সাক্ষাৎকারে ভান্স বলেন, “মউটি মাত্র দেড় পাতার। এটা খুবই সাধারণ একটা নথি।” শান্তিচুক্তির সুনির্দিষ্ট বিষয়গুলি পরবর্তী সময়ে আলোচনা করে চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

US Iran Donald Trump
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy