Advertisement
E-Paper

‘পাকিস্তানের পাশে আছি’! বার্তা আমেরিকার, ভারতকে দায়ী করা বালোচিস্তানের হামলা নিয়ে আর কী বলল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন

গত ৩১ জানুয়ারি পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের একাধিক জায়গায় ধারাবাহিক বিস্ফোরণ এবং আত্মঘাতী হামলা হয়। ভারত থেকে তা নিয়ন্ত্রণ করা হয়েছে বলে দাবি করে পাকিস্তান। মুখ খুলল আমেরিকা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩০
বালোচিস্তানে ধারাবাহিক সন্ত্রাসবাদী কার্যকলাপের নিন্দা করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

বালোচিস্তানে ধারাবাহিক সন্ত্রাসবাদী কার্যকলাপের নিন্দা করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বালোচিস্তানে জঙ্গি হামলা নিয়ে বিবৃতি দিল আমেরিকা। পাকিস্তান সেনাবাহিনীর অভিযানকে তারা সমর্থন করেছে। জানিয়েছে, বালোচিস্তানের বিষয়ে তারা পাকিস্তান সরকারের পাশেই আছে। নৃশংস হামলার নেপথ্যে যারা দায়ী, তাদের দ্রুত বিচারের আওতায় আনতে বলেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

গত ৩১ জানুয়ারি পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের একাধিক জায়গায় ধারাবাহিক বিস্ফোরণ এবং আত্মঘাতী হামলা হয়। বালোচ বিদ্রোহীদের এই হামলায় অনেকের মৃত্যু হয়েছে। পাক সেনার হিসাব অনুযায়ী, মহিলা, শিশু-সহ বালোচদের হামলায় ৩৬ জন নিরীহ সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। মৃত্যু হয়েছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ২২ জন সদস্যের। এর পরেই নড়েচড়ে বসে পাক সেনা। বালোচিস্তানে বিদ্রোহী দমনে অভিযান শুরু করে তারা। বৃহস্পতিবার পর্যন্ত সেই অভিযানে ২১৬ জন সন্ত্রাসবাদীকে হত্যা করা হয়েছে বলে দাবি পাকিস্তানি সেনার। শুক্রবার তা নিয়ে বিবৃতি দিল আমেরিকা।

আমেরিকার বিদেশ দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিভাগ (ব্যুরো অফ সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স বা এসসিএ) সমাজমাধ্যমে লিখেছে, ‘‘বালোচিস্তানে সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলার আবহে আমরা পাকিস্তানের পাশে আছি। আমাদের অবস্থান অনড়। বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসাবে স্বীকৃত এবং আমরা এই সমস্ত নৃশংস হামলাকারীদের বিচারের আওতায় আনার প্রচেষ্টাকে সমর্থন করি।’’

বালোচিস্তানে হামলার দায় স্বীকার করেছে বিএলএ। এই সংগঠনকে ২০২৫ সালের অগস্টেই আমেরিকা আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে ঘোষণা করেছিল। পাকিস্তানের দাবি, বালোচিস্তানে সন্ত্রাসবাদী কার্যকলাপের নেপথ্যে ভারতের হাত রয়েছে। তাদের সেনাবাহিনী বিবৃতি দিয়ে দাবি করেছিল, হামলা নিয়ন্ত্রণ করা হয়েছে বিদেশের মাটি থেকে। যদিও বক্তব্যের সপক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেনি পাকিস্তান। ভারত সরকার এই দাবি উড়িয়ে দিয়েছে। বালোচিস্তানে সন্ত্রাসবাদী হামলার নিন্দা করেছে রাষ্ট্রপুঞ্জও।

Pakistan US Pakistan Ties Balochistan Liberation Army US India Pakistan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy