Advertisement
E-Paper

টুকরো খবর

বয়স বাড়ার সঙ্গে ছোট হয়ে যাচ্ছে বুধ। এমনই তথ্য জানিয়েছেন ওয়াশিংটনের কিছু বিজ্ঞানী। নাসার একটি মহাকাশযানের তুলে আনা কিছু ছবিতে দেখা গিয়েছে বুধের ভূ-ত্বক এবড়ো খেবরো হয়ে রয়েছে। ওয়াশিংটনের গ্রহবিজ্ঞানী পল বাইর্নের দাবি, ওগুলো বুধের পাহাড়-পর্বত।

শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৪ ০২:৩৫

আরও ছোট হচ্ছে বুধ

সংবাদ সংস্থা • ওয়াশিংটন

বয়স বাড়ার সঙ্গে ছোট হয়ে যাচ্ছে বুধ। এমনই তথ্য জানিয়েছেন ওয়াশিংটনের কিছু বিজ্ঞানী। নাসার একটি মহাকাশযানের তুলে আনা কিছু ছবিতে দেখা গিয়েছে বুধের ভূ-ত্বক এবড়ো খেবরো হয়ে রয়েছে। ওয়াশিংটনের গ্রহবিজ্ঞানী পল বাইর্নের দাবি, ওগুলো বুধের পাহাড়-পর্বত। তাঁর ব্যাখ্যা, কোনও গ্রহ যখন শীতল হতে শুরু করে তখন সেটি সঙ্কুচিত হয়ে যায়। ফলে সেই গ্রহের ভূ-ত্বক কুচকে যায়। তৈরি হয় পার্বত্য এলাকা। যে ভাবে পৃথিবীতে গড়ে উঠেছে পাহাড়-পর্বত। ঠিক তেমনটাই হয়েছে বুধের ক্ষেত্রে। ওই বিজ্ঞানীর হিসেব, গত ৪০ কোটি বছরে বুধের ব্যাস কমেছে অন্তত ৮.৬ মাইল।

অ্যাসাঞ্জের অস্বীকার

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

উইকিলিকস কখনওই নরেন্দ্র মোদীকে ‘সৎ’ বা ‘ভারতের একমাত্র সৎ নেতা’ বলে বর্ণনা করেনি বলে জানালেন জুলিয়ান অ্যাসাঞ্জ। সোমবার তিনি জানান, ২০১১-র ওই কেবল বার্তায় বলা হয়, মোদী জনপ্রিয় এবং ভারতের লোকেরা তাঁকে সৎ ভাবেন।

চিলিতে ভূমিকম্প

ভূমিকম্পে কেঁপে উঠল চিলির উত্তরে উপকূলবর্তী এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭। আবহাওয়া দফতরের তরফে আগাম সতর্কতা মেলায় লাখ খানেকেরও বেশি মানুষ এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন। ওই কম্পনে ক্ষয়ক্ষতির পরিমাণ তেমন নয়। মার্কিন ভূতত্ত্ব বিভাগ জানিয়েছে, রবিবার স্থানীয় সময় বিকেল সওয়া চারটে নাগাদ কম্পন শুরু হয়। কিছু ক্ষণের মধ্যেই অবশ্য কম্পনের মাত্রা কমে গিয়ে দাঁড়ায় ৪.৯।

বাঁচল বিমান

বিমান তখন মাঝ আকাশে। হঠাৎই ভেঙে পড়ে গেল একটি উইং প্যানেল, বিমানের ডানার একটি যান্ত্রিক অংশ। সূত্রের খবর, ১৭৯ জন যাত্রী ও ৬ জন বিমানকর্মী নিয়ে ডেলটা এয়ার লাইন্সের বোয়িং ৭৫৭ বিমানটি অরল্যান্ডো থেকে আটলান্টা যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। কিন্তু তার পরেও মাথা ঠান্ডা রেখে দক্ষতার সঙ্গে বিমানটির জরুরি অবতরণ করান পাইলট।

জুলিয়ার খ্যাতি

মায়ের খ্যাতির পরিধি কতটা, জানতে বেশ উৎসাহী তাঁর ছেলেমেয়েরা। এমন কথাই জানালেন অস্কার বিজয়ী হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্টস। তিনি বললেন, “ওরা প্রায়ই জানতে চায়, আমার অমুক বন্ধু কি জানে, যে তুমি এতটা বিখ্যাত? কী করে জানল? ওরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে ওদের অন্য মাকে আবিষ্কার করছে।”

মিকের প্রেমিকা

প্রখ্যাত গায়ক মিক জ্যাগারের ফ্যাশন ডিজাইনার বান্ধবী লরেন স্কটের ঝুলন্ত দেহ উদ্ধার হল ম্যানহাটনের বাড়ি থেকে। লরেনের সহকারীর কাছ থেকে খবর পেয়ে দেহ উদ্ধার করে পুলিশ। এটা আত্মহত্যা বলেই মনে করছে তারা। মিক এখন অস্ট্রেলিয়ায়। এই খবর পেয়ে তিনি ভেঙে পড়েছেন বলে বন্ধুরা জানান।

বসন্তের আগমনের আগে ফের তুষারপাত শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সোমবার ওয়াশিংটনে। ছবি: এপি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy