ছোট এসইউভির বাজার খতিয়ে দেখছে হুন্ডাই
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
ভারত দীর্ঘ দিন ছোট গাড়ির বাজার বলেই পরিচিত ছিল। কিন্তু জনপ্রিয়তা বাড়ছে ছোট ‘স্পোর্টস ইউটিলিটি ভেহিক্ল’ (কমপ্যাক্ট এসইউভি)-এর। বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে এ ধরনের গাড়ির চাহিদা ঊর্ধ্বমুখী। সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই এই বাজার খতিয়ে দেখছে বিভিন্ন গাড়ি সংস্থা। কোরিয়ার হুন্ডাইও তার ব্যতিক্রম নয়। বৃহস্পতিবার তাদের নতুন গাড়ি ‘আই২০ এলিট’ কলকাতার বাজারে আনল হুন্ডাই ইন্ডিয়া। শহরে দাম পড়বে পেট্রোল ৫.০৫-৬.৬৬ লক্ষ ও ডিজেল ৬.২৬-৭.৮৮ লক্ষ টাকা। অনুষ্ঠানের ফাঁকেই সংস্থার অন্যতম শীর্ষ কর্তা রাকেশ শ্রীবাস্তব কমপ্যাক্ট এসইউভি-র বাজার খতিয়ে দেখার কথা জানান। উল্লেখ্য, ছোট (হ্যাচব্যাক) মাঝারি (সেডান) গাড়ি থাকলেও সংস্থার ভাঁড়ারে এসইউভি এবং বহু ব্যবহারের উপযোগী বড় গাড়ি ‘মাল্টিপারপাস ভেহিক্ল’ (এমপিভি) নেই। শুধু ভারতই নয়, আমেরিকা, চিনেও কমপ্যাক্ট গাড়ির বাজার অত্যন্ত জনপ্রিয়। সংশ্লিষ্ট মহলের মতে, স্বাভাবিক ভাবেই ব্যবসা বাড়াতে সংস্থাগুলি নিজেদের ভাঁড়ারে এমন গাড়ি রাখতে চাইবে। শ্রীবাস্তবও জানিয়েছেন, আগামী দিনে বছরে একটি করে নতুন গাড়ি আনার পরিকল্পনা তাদের রয়েছে। তবে ভারত থেকে আপাতত হুন্ডাই ইউরোপে কোনও গাড়ি রফতানি করবে না। শ্রীবাস্তবের দাবি, এর ফলে তাঁদের ভারতীয় শাখার ব্যবসায় খুব একটা প্রভাব পড়বে না। কারণ ইউরোপের চেয়ে লাতিন আমেরিকা, অস্ট্রেলিয়া, পশ্চিম এশিয়া, এশিয়ার রফতানি বাজার অনেক বড়। তাই নতুন গাড়িটিও ওই সব দেশেই আপাতত রফতানি করা হবে। পাশাপাশি তাঁর দাবি, ভারতের অভ্যন্তরীণ বাজারও তাঁদের কাছে সমান গুরুত্বপূর্ণ।
মিউচুয়াল ফান্ড আনল ইউটিআই
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
বাজারে এল ইউটিআই মিউচুয়াল ফান্ডের নয়া প্রকল্প। এটি ১,১০০ দিনের ক্লোজ এন্ডেড ইকুইটি ফান্ড। যার টাকা বাছাই করা ৩০টি সংস্থার শেয়ারে লগ্নি করা হবে। কর্তৃপক্ষ জানান, “লগ্নিকারীরা যাতে দীর্ঘ মেয়াদে মুনাফা করতে পারেন, তা দেখাই সংস্থার লক্ষ্য।” এটি এনএসইতে নথিভুক্তি করা হয়েছে। বিনিয়োগের ৫ দিন পর থেকেই চাইলে এই ইউনিট বাজারে বিক্রি করে টাকা তুলে নেওয়া যাবে। প্রকল্প বন্ধ হবে ২৭ অগস্ট।
সওয়াল-জবাবের ধাঁচে প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
আদালতের সওয়াল-জবাবের ধাঁচে নকল বা ‘মুট কোর্ট’ প্রতিযোগিতার আয়োজন করেছে অল ইন্ডিয়া ফেডারেশন অব ট্যাক্স প্র্যাক্টিশনার্স। ১৬ এবং ১৭ অগস্ট ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিকাল সায়েন্সেসে আয়কর কমিশনারের ক্ষমতা সংক্রান্ত আইনের একটি বিশেষ ধারা নিয়ে ওই প্রতিযোগিতা হবে। সংগঠনের মুট কোর্ট কমিটির চেয়ারম্যান নারায়ণ জৈনের দাবি, পূর্ব ভারতে এ ধরনের প্রতিযোগিতা তাঁরা এই প্রথম করছেন।
দ্রুত ঋণ মঞ্জুরে বিশেষ কেন্দ্র ইউবিআইয়ে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
খুচরো ঋণ দ্রুত মঞ্জুরের জন্য বিশেষ কেন্দ্র চালু করছে ইউনাইটেড ব্যাঙ্ক (ইউবিআই)। কলকাতায় ব্যাঙ্কের সদর দফতরেই তা চালু হবে। ইউবিআইয়ের এগ্জিকিউটিভ ডিরেক্টর সঞ্জয় আর্য বলেন, “গৃহঋণ ছাড়াও সম্পত্তি বন্ধক রেখে যে-ঋণ দেওয়া হয়, সেগুলিই ওই কেন্দ্র থেকে প্রক্রিয়াকরণ হবে। আবেদনপত্র জমার ৬ দিনের মধ্যে ঋণ মঞ্জুর করাই আমাদের লক্ষ্য।” এ দিকে চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ব্যাঙ্কের নিট মুনাফা আগের বারের থেকে ৪৭.৩১% বেড়ে হয়েছে ৬৫.৮৯ কোটি টাকা। মোট ব্যবসার পরিমাণ দাঁড়িয়েছে ১.৭৪ লক্ষ কোটি টাকারও বেশি। অপর এগ্জিকিউটিভ ডিরেক্টর দীপক নারাঙ্গ জানান, “ব্যাঙ্ক অনুৎপাদক সম্পদ কমাচ্ছে। ফলে কমেছে ওই খাতে আর্থিক সংস্থানও। প্রথম ত্রৈমাসিকে সংস্থান আগের বারের থেকে ৩৫.৩০% কমে হয়েছে ২২৪ কোটি টাকা। আর জুনে শেষ হওয়া ত্রৈমাসিকে মোট অনুৎপাদক সম্পদও কমে দাঁড়িয়েছে ৭০৯৭ কোটি টাকা।”
নতুন নিয়োগ
রূপেন রায় ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন।