E-Paper

যুদ্ধের আবহে অস্থির শেয়ার বাজার, সেনসেক্স নামল ৭৮ হাজারের ঘরে

শুক্রবার সেনসেক্স পড়েছে ১০৯৭ পয়েন্ট। ৭৮ হাজারের ঘরে নেমে দাঁড়িয়েছে ৭৮,৯১৮.৯০ অঙ্কে। তার আগে গত সপ্তাহের শুক্রবারের থেকে এ সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার সূচক নেমেছিল ১০৪৮.৩৪।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ০৬:২২

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

এক দিন হাজার পয়েন্টের বেশি পতন, তো পরের দিন পড়তি বাজারে সস্তায় ভাল শেয়ার কেনার জেরে কিছুটা উত্থান। আবার তার পরের দিনই হুড়মুড়িয়ে সূচকের নীচে নেমে যাওয়া। পশ্চিম এশিয়ায় যুদ্ধের ফলে চলতি সপ্তাহে এ ভাবেই অস্থির হয়ে ওঠানামা করল ভারতের বাজার।

শুক্রবার সেনসেক্স পড়েছে ১০৯৭ পয়েন্ট। ৭৮ হাজারের ঘরে নেমে দাঁড়িয়েছে ৭৮,৯১৮.৯০ অঙ্কে। তার আগে গত সপ্তাহের শুক্রবারের থেকে এ সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার সূচক নেমেছিল ১০৪৮.৩৪। মঙ্গলবার বাজার বন্ধ ছিল। বুধবার ফের তা পড়ে যায় ১১২২.৬৬। বৃহস্পতিবার ওঠে ৮৯৯.৭১ পয়েন্ট। তার পরেই শুক্রবার আবার সেনসেক্স নামল।

বিশেষজ্ঞদের দাবি, পশ্চিম এশিয়ার যুদ্ধে ইতিমধ্যেই বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম ব্যারেলে ৯৪ ডলার ছুঁয়েছে। দেশে তেল-গ্যাসের জোগান নিয়ে দানা বাঁধছে আশঙ্কা। যুদ্ধ দীর্ঘমেয়াদি হলে ডলারের সাপেক্ষে টাকার দামের আরও দুর্বল হওয়ার পাশাপাশি মূল্যবৃদ্ধির মাথা তোলার আশঙ্কাও তৈরি হবে। সার্বিক ভাবে ঝুঁকির মুখে পড়তে পারে ভারত তথা বিশ্বের আর্থিক বৃদ্ধির হার। সব মিলিয়ে লগ্নিকারীরা সতর্ক। শেয়ার ধরে রাখতে সাহস পাচ্ছেন না। মুনাফা হলেই বিক্রি করে তুলে নিচ্ছেন। সেই অস্থিরতার স্পষ্ট প্রতিফলন বাজারে।

বিশেষজ্ঞদের একাংশের মতে, বিশ্ব বাজারের অনিশ্চয়তাও গ্রাস করছে ভারতকে। আমেরিকা, ইউরোপে এ দিন সূচক পড়েছে। তার উপর বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি লাগাতার শেয়ার বেচে মুনাফা তুলছে। সব মিলিয়ে ওঠানামা করতে করতেই আপাতত পিছোচ্ছে শেয়ার বাজার।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

BSE SENSEX Share Market Iran-Israel Situation US-Israel vs Iran West Asia

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy