চলতি অর্থবর্ষের (২০২৬-২৭) দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎ, জুলাই-সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার। মঙ্গলবার এ কথা জানিয়েছে অর্থ মন্ত্রক। ফলে এ দফাতেও পিপিএফের মতো জনপ্রিয় প্রকল্পে সুদের হার থাকছে এখনকার মতোই ৭.১%। কিসান বিকাশ পত্র এবং এনএসসি-তে যথাক্রমে ৭.৫% এবং ৭.৭%। আর ১-৫ বছরের মেয়াদি জমা এবং পাঁচ বছরের রেকারিং-এ রয়ে গেল যথাক্রমে ৬.৯%-৭.৫% এবং ৬.৭ শতাংশে। মাসিক আয় প্রকল্পে মিলবে ৭.৪% সুদ। তবে সবচেয়ে বেশি সুদ পাওয়া যাবে সুকন্যা সমৃদ্ধি এবং সিনিয়র সিটিজ়েন্স সেভিংস স্কিমে। দু’টিতেই তার হার ৮.২%।
সংশ্লিষ্ট মহলের বক্তব্য, মূলত বাংলায় স্বল্প সঞ্চয়ের গ্রাহক সংখ্যা এবং পুঁজি বহু রাজ্যের থেকে বেশি। তাই পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোটের দিকে তাকিয়ে এপ্রিল-জুনে সুদ স্থির রেখেছিল অর্থ মন্ত্রক। এ বার মূল্যবৃদ্ধি চড়ার ফলে আশঙ্কা বাড়ছে, আগামী দিনে রিজ়ার্ভ ব্যাঙ্ক সুদ বাড়াতে পারে। সেই কথা মাথায় রেখে জুলাই-সেপ্টেম্বরের সুদও স্থির রাখা হল। ফলে সব মিলিয়ে টানা ন’টি ত্রৈমাসিকে (শেষ বার বদলেছিল ২০২৩-২৪ সালের চতুর্থ ত্রৈমাসিকে) স্বল্প সঞ্চয়ের সুদ রইল অপরিবর্তিত।
বিশেষজ্ঞদের একাংশের মতে, রক্ষণশীল বিনিয়োগকারীদের কাছে ডাকঘর আমানত ও স্বল্প সঞ্চয় প্রকল্পগুলি অত্যন্ত জনপ্রিয়।
এ ছাড়াও, পুরনো আয়কর বিকল্পে পিপিএফ এবং সুকন্যা সমৃদ্ধির মতো বেশ কিছু প্রকল্পে কর ছাড়ের সুবিধা পাওয়া যায়। যা দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনার জন্যও মানুষের অন্যতম পছন্দের জায়গা। বহু প্রবীণ ও সুদ নির্ভর মানুষ মাসিক আয়ের জন্য এই প্রকল্পগুলি বাছেন। ফলে সেগুলিতে সুদের ছাঁটাই না হওয়া স্বস্তি দেবে আমজনতাকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)