E-Paper

ভিত্তিবর্ষে বদল, ‘আইএমএফ-এর পরামর্শ মেনে’ আসছে মূল্যবৃদ্ধির নতুন সূচক

কেন্দ্রের দাবি, আইএমএফের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পরামর্শ মেনে এবং বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেই সূচক বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ০৭:৩০

— প্রতীকী চিত্র।

চলতি মাস থেকে বদলাচ্ছে পাইকারি মূল্যবৃদ্ধির (ডব্লিউপিআই) ভিত্তিবর্ষ। ২০২২-২৩ সালকে ভিত্তিবর্ষ ধরে ১৫ জুন থেকেই বেরোতে শুরু করবে এই মূল্যসূচক, মঙ্গলবার জানিয়েছে কেন্দ্র। ওই দিন থেকে উৎপাদনকারীর মূল্যসূচকও (প্রডিউসার প্রাইস ইনডেক্স বা পিপিআই) চালু করছে তারা। আগামী পাঁচ বছর ধরে ধাপে ধাপে পাইকারি মূল্যবৃদ্ধির গুরুত্ব কমিয়ে এনে পিপিআই-কে মান্যতা দেওয়া হবে। ততদিন প্রকাশিত হবে দু’টি সূচকই। তার পরে বন্ধ হবে ডব্লিউপিআই।

কেন্দ্রের দাবি, আইএমএফের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পরামর্শ মেনে এবং বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেই সূচক বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে মূল্যবৃদ্ধির ছবি আরও স্পষ্ট হবে পিপিআই-এ। এত দিন পাইকারি বাজারে পণ্যের দামের ভিত্তিতে তার মূল্যবৃদ্ধির হার প্রকাশ হত। পিপিআই-এ হিসাবের মধ্যে রাখা হবে পরিষেবার মূল্যবৃদ্ধিকেও।

শিল্প-বাণিজ্য মন্ত্রকের মুখ্য আর্থিক উপদেষ্টা প্রবীণ মাহাতো জানান, পিপিআই-এ তিনটি সূচক থাকবে— আউটপুট অর্থাৎ পণ্যের দাম, ট্রায়াল ইনপুট বা কাঁচামালের দর এবং পরিষেবার খরচ। এ ক্ষেত্রে রেল, ব্যাঙ্কিং, শেয়ার লেনদেন, বিমা, পেনশন তহবিল পরিচালনা, বিমানও টেলি যোগাযোগের মতো পরিষেবা আসবে তালিকায়। পরে আরও কিছু পরিষেবা যোগ হবে। মাহাতোর দাবি, দীর্ঘ দিন ধরে পাইকারি মূল্যবৃদ্ধির সঙ্গে সকলে পরিচিত। তাই সেই সূচক বদলে নতুনটির সঙ্গে খাপ খাইয়ে নিতেই পাঁচ বছর সময় দেওয়া হয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Inflation Central Government

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy