কয়লার দাম বাড়ানোর কথা ঘোষণা করল রাষ্ট্রায়ত্ত কোল ইন্ডিয়া। আজ তারা জানিয়েছে, দর বাড়ানো হবে ৬.৩ শতাংশ হারে, যার ফলে চলতি ২০১৬-’১৭ অর্থবর্ষে বাড়তি ৩২৩৪ কোটি টাকা বাড়তি আয় ঘরে তুলবে সংস্থা। তবে এর জেরে জ্বালানি খরচ বাড়বে বিদ্যুৎ, ইস্পাত ও সিমেন্ট শিল্পে। ফলে এগুলির দাম বাড়বে বলেই আশঙ্কা সংশ্লিষ্ট শিল্পমহলে।
পরিচালন পর্ষদের বৈঠকে শনিবার এই সিদ্ধান্ত নেয় কোল ইন্ডিয়া। আজ তারা বম্বে স্টক এক্সচেঞ্জকে পাঠানো বিবৃতিতে সে কথা জানিয়েছে। সংস্থা সূত্রের খবর, বর্তমানে কয়লার চলতি দাম গড়ে টন প্রতি ১১৯৩ টাকা। দেশে কয়লা উৎপাদনের ৮০ শতাংশেরও বেশি জোগান দেয় কোল ইন্ডিয়া।