ভারতের প্রতিযোগিতা কমিশন (সিসিআই) তদন্ত করে দেখেছে, আইফোন অ্যাপের বাজারে নিজেদের আধিপত্যের অপব্যবহার করেছে অ্যাপল। তার উপর আমেরিকার প্রযুক্তি সংস্থাটির কাছে আর্থিক তথ্য চাওয়া হলেও, তা দেয়নি। তাই তাদের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিয়ে দ্রুত জরিমানা নির্ধারণ করতে চাইছে কমিশন। সে জন্য চূড়ান্ত শুনানির দিন ধার্য হয়েছে ২১ মে। আশঙ্কা, এ দেশে অ্যাপলকে মোটা অঙ্কের জরিমানা দিতে পারে। খোদ সংস্থার আশঙ্কা, তাদের আন্তর্জাতিক ব্যবসার অঙ্কের ভিত্তিতে তার হিসাব কষবে সিসিআই। ফলে তা হতে পারে ৩৮০০ কোটি ডলার, টাকার অঙ্কে প্রায় ৩,৫৩,৭৮০ কোটি।
গত ২০২৪-এর জুলাইয়ে সিসিআই তদন্তে দেখে, অ্যাপল ‘আইফোন অ্যাপ স্টোর’-এ বহু ক্ষেত্রে অ্যাপ তৈরির সংস্থাগুলিকে বাধ্য করছে অ্যাপলের নিজস্ব ব্যবস্থায় দাম মেটাতে। অভিযোগ, অ্যাপল অ্যাপের অভ্যন্তরীণ কেনাকাটায় ৩০% (কিছু ক্ষেত্রে ১৫%) পর্যন্ত কমিশন নেয়, যা ভারতীয় স্টার্ট আপ এবং অ্যাপ নির্মাতাদের খরচ বাড়িয়ে পিছিয়ে দিচ্ছে প্রতিযোগিতায়। তাদের অ্যাপের বাইরে থেকে কেনাকাটা করার বিকল্প সম্পর্কে ব্যবহারকারীদের জানানোর উপরেও বিধিনিষেধ আরোপ করেছে। যা প্রতিযোগিতাবিরোধী।
অ্যাপল সব অভিযোগ অস্বীকার করেছে। তবে সিসিআই-এর দাবি, তারা প্রমাণ পাওয়ার পরে সংস্থার কাছে আর্থিক তথ্য চেয়েছিল। কিন্তু তা দেয়নি তারা। উল্টে দিল্লি হাই কোর্টে এ দেশের একচেটিয়া ব্যবসা বিরোধী গোটা আইনের বৈধতাকেই চ্যালেঞ্জ করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। ফলে প্রতিযোগিতা কমিশন দ্রুত জরিমানা ঠিক করতে চূড়ান্ত শুনানি এগিয়ে এনেছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)