E-Paper

বিশ্ববাজারে অশোধিত তেলের দাম বাড়লেও আর্থিক বৃদ্ধি বিশেষ কমবে না ভারতের, আশ্বাস এসঅ্যান্ডপি-র

এই মুহূর্তে অশোধিত তেলের দাম নেমেছে ব্যারেল পিছু ৯৬ ডলারে। এপ্রিলে ভারতীয় ‘বাস্কেট’-এর গড় দাম দাঁড়িয়েছে ১২০ ডলার। দৈনিক দামও একটু নেমে হয়েছে ১১০ ডলার।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ০৮:৫৫
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

অশান্ত পশ্চিম এশিয়ার প্রভাবে বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম সম্প্রতি ১০০ ডলার পেরিয়েছিল। ভারত যে তেল কেনে (ভারতীয় বাস্কেট), তার চলতি মাসের গড় দাম উঠেছিল ১২৩ ডলারে। এই পরিস্থিতিতে এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস সম্প্রতি জানায়, বছর জুড়ে অশোধিত তেলের ব্যারেল গড়ে ১৩০ ডলার থাকলে তার ধাক্কা ভারতের অর্থনীতিতে পড়বে। আর্থিক বৃদ্ধির হার ৮০ বেসিস পয়েন্ট পর্যন্ত কমতে পারে। সেই অনুযায়ী চলতি অর্থবর্ষে রিজ়ার্ভ ব্যাঙ্কের দেওয়া পূর্বাভাস ৬.৯% কমে তা ৬ শতাংশের কাছে নামতে পারে বলে জল্পনা তৈরি হয়। বৃহস্পতিবার সেই এসঅ্যান্ডপি-রই পূর্বাভাস, পশ্চিম এশিয়ার সঙ্কটের মধ্যে দাঁড়িয়ে বিশ্ব বাজারে তেলের গড় দাম যদি ১৩০ ব্যারেল হয়, তবে ভারতের আর্থিক বৃদ্ধি এই অর্থবর্ষে ৬.৩% ছুঁতে পারে।

এই মুহূর্তে অশোধিত তেলের দাম নেমেছে ব্যারেল পিছু ৯৬ ডলারে। এপ্রিলে ভারতীয় ‘বাস্কেট’-এর গড় দাম দাঁড়িয়েছে ১২০ ডলার। দৈনিক দামও একটু নেমে হয়েছে ১১০ ডলার। এ দিন এসঅ্যান্ডপি-র আশ্বাস, ভারতের সভরিন ক্রেডিট রেটিং অর্থাৎ মূল্যায়নের উপরে জ্বালানির দামের ধাক্কায় তৈরি হওয়া আর্থিক সমস্যার আঁচ পড়ার আশঙ্কা কম। কারণ, দীর্ঘ মেয়াদে অর্থনীতিকে আঁটোসাঁটো করার রাজনৈতিক দায়বদ্ধতা আছে এ দেশের। শুধু তা-ই নয়, আশা জাগিয়ে সংস্থার বার্তা, অশোধিত তেলের দাম যদি ব্যারেলে ৮৫ ডলার থাকে, তা হলে ভারতে আর্থিক বৃদ্ধির হার ছুঁতে পারে ৭.১%। যা বড় বড় অর্থনীতিগুলির তুলনায় অনেকটা বেশি।

মুডি’জ় এই অর্থবর্ষের জন্য ৬% বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। ওইসিডি-র মতে, তা ৬.১%। ইওয়াই জানিয়েছে, প্রকৃত জিডিপি কমতে পারে ১০০ বেসিস পয়েন্ট। ইক্রার অনুমান ৬.৫%।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Indian Economy Crude Oil

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy