E-Paper

ছিলেন বন্ধন ব্যাঙ্কের চেয়ারম্যান, বিধায়ক হয়ে নীতি অয়োগের মাথায় বসলেন অশোক লাহিড়ী

দেশের উন্নয়ন এবং বিভিন্ন ক্ষেত্রে নীতি তৈরির জন্য পরামর্শদাতার ভূমিকা পালন করে নীতি আয়োগ। প্রথম দফায় ক্ষমতায় এসেই যোজনা কমিশন তুলে দিয়ে ২০১৫-এ এটি তৈরি করে মোদী সরকার। নিয়ম অনুসারে যার চেয়ারম্যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ০৮:২৬
অশোক লাহিড়ি।

অশোক লাহিড়ি। —ফাইল চিত্র।

নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসেবে শুক্রবার দায়িত্ব নিলেন অর্থনীতিবিদ অশোক কুমার লাহিড়ী। তিনি কেন্দ্রের এই উপদেষ্টাটির প্রথম বাঙালি অধিকর্তা। এক সময়ে কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা এবং পঞ্চদশ অর্থ কমিশনের সদস্যও ছিলেন। ২০২১-এ পশ্চিমবঙ্গ বিধানসভায় বালুরঘাট থেকে বিজেপি-র হয়ে বিধায়ক হন। ছিলেন বন্ধন ব্যাঙ্কের চেয়ারম্যানও।

দেশের উন্নয়ন এবং বিভিন্ন ক্ষেত্রে নীতি তৈরির জন্য পরামর্শদাতার ভূমিকা পালন করে নীতি আয়োগ। প্রথম দফায় ক্ষমতায় এসেই যোজনা কমিশন তুলে দিয়ে ২০১৫-এ এটি তৈরি করে মোদী সরকার। নিয়ম অনুসারে যার চেয়ারম্যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাইস চেয়ারম্যান পদে লাহিড়ীর আগে ছিলেন সুমন বেরি। এখন সিইও নিধি ছিব্বর। এ দিন আয়োগ বিবৃতিতে বলেছে, ‘‘শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরকারি এবং আন্তর্জাতিক সংস্থা পর্যন্ত বিস্তৃত লাহিড়ীর অভিজ্ঞতা তাদের বাস্তবসম্মত নীতি প্রণয়ন এবং অর্থনৈতিক রূপান্তরের পরিকল্পনাকে আরও মজবুত করবে। দেশের উন্নয়ন ও আর্থিক সংস্কারের মতো কৌশলগত নীতির মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির লক্ষ্য পূরণে তাঁর অবদানের দিকে তাকিয়ে আছে তারা।’’

উল্লেখ্য, এপ্রিলের শেষেই নীতি আয়োগকে ঢেলে সাজানোর ঘোষণা করেছিল কেন্দ্র। সেই মতো লাহিড়ীকে ভাইস চেয়ারম্যান করার পাশাপাশি পূর্ণ সময়ের সদস্য হিসেবে আনা হয়েছে গবেষক গোবর্ধন দাস, প্রাক্তন ক্যাবিনেট সচিব রাজীব গৌবাকে। অর্থনীতিবিদ কে ভি রাজু, এমসের ডিরেক্টর এম শ্রীনিবাস এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের সচিব অভয় কারান্ডিকরকেও সদস্য করা হয়। এ মাসের শুরুতে আয়োগে পূর্ণ সময়ের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন জোরাম আনিয়া এবং আর বালসুব্রমণ্যম।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

NITI Aayog Ashok lahiri

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy